বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
জ্বালানি সংকট

দেশের জ্বালানি সরবরাহ নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১০:০২ এএম

দেশের জ্বালানি সরবরাহ নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ

দেশের জ্বালানি তেল নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। চলতি নভেম্বরের জন্য পূর্বনির্ধারিত জ্বালানি তেলের এগারোটি চালান সরবরাহে অপারগতা জানিয়েছে চিহ্নিত কয়েকজন সরবরাহকারী। এসব কোম্পানির সঙ্গে পতিত সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সম্পৃক্ত থাকায় বিষয়টি নিয়ে তীব্র সন্দেহ তৈরি হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আর ঠিক সেই সময় সামনে রেখে একটি গোষ্ঠীর দেশে জ্বালানি সরবরাহে অক্ষমতা প্রকাশ কোনোভাবেই কাকতালীয় হতে পারে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা বলছেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকারকে বেকায়দায় ফেলতে ওই ব্যবসায়ী জড়িত কি না তা খতিয়ে দেখা জরুরি। নইলে মারাত্মক বিপদে পড়তে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, কালো তালিকাভুক্তসহ যারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। অবাক করার বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাতিল করা হলেও ওই কোম্পানির সাথেই বাড়তি দরে ডিজেল ও উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েল সরবরাহের কাজ দিতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি।

খোঁজ নিয়ে জানা যায়, এখানেও মারাত্মক কারচুপি করা হয়েছে। অত্যন্ত গোপনে দেওয়া এসব দরপত্রের কারণে কয়েক শ কোটি টাকা বাড়তি গুনতে হবে বাংলাদেশকে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল নয় দশমিক পাঁচ শূন্য ডলার এবং জেট ফুয়েল দশ দশমিক এক পাঁচ ডলার। অন্যদিকে ওই কোম্পানিকে উন্মুক্ত দর পদ্ধতিতে পরিশোধ করা হবে ডিজেল ষোল দশমিক ছয় আট ডলার ও জেট ফুয়েল সতেরো দশমিক আট আট ডলার।

প্যাকেজ-০২ এর আওতায় দুই লাখ ত্রিশ হাজার টন ডিজেল এবং চল্লিশ হাজার টন জেট ফুয়েলের কার্যাদেশ পেয়েছে আলোচিত ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া’। এ রকম বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে। শুধু প্যাকেজ-০২ এর বিপরীতেই এক কোটি সাতচল্লিশ লাখ তিরানব্বই হাজার ডলার বাড়তি অর্থ গুনতে হবে বাংলাদেশকে। ডলার একশো তেইশ টাকা হারে ধরলে এক চালানেই সরকারের গচ্চা যাবে প্রায় একশো বিরাশি কোটি টাকার মতো। খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি তেল কেনার ওই প্রক্রিয়াতে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। গত সেপ্টেম্বরে উন্মুক্ত দর প্রক্রিয়ায় ছয় লাখ পাঁচ হাজার টন ডিজেল এবং নব্বই হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করে বিপিসি। 

এতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল চৌদ্দ দশমিক আট পাঁচ ডলার এবং জেট ফুয়েল ষোল দশমিক চার নয় ডলার। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রিমিয়াম বেশি উল্লেখ করে তা অনুমোদন দেয়নি। অথচ তার চেয়েও বেশি প্রিমিয়াম ধরা হয়েছে অত্যন্ত গোপনে দেওয়া উন্মুক্ত দরপত্রে। আর সেই কার্যাদেশ পেয়েছেন ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. এজাজুর রহমান। বিগত বছরগুলোতে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন এবং ক্ষেত্রবিশেষে বিপিসিও তাঁর কাছে জিম্মি বলে অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, কখনো কখনো মাসোহারার বিনিময়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির নীরব থাকার। জ্বালানি তেল আমদানিতে বিপিসির তালিকাভুক্ত এগারোটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের ছয়টির লোকাল এজেন্ট ডা. এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিস লিমিটেড। কাকতালীয়ভাবে নভেম্বরে তেল সরবরাহে অপারগতা প্রকাশ করা সাতটি চালানেই এজাজুর রহমানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। 

যা আগামী ডিসেম্বরের ষড়যন্ত্রকে নিয়ে থাকা আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্টরা। বিপিসি সূত্র জানিয়েছে, নভেম্বরে ক্রয় শিডিউলে থাকা এগারোটি চালান সরবরাহে অপরাগতা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুর উনিশ, একচল্লিশ ও বাইশ এবং চব্বিশ নভেম্বর তারিখে তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েলের চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু আটচলশ নভেম্বর ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর দশ নভেম্বর ডিজেল এবং ওকিউ ট্রেডিং লিমিটেড ওমান তেইশ নভেম্বর মোগাস সরবরাহ করার কথা ছিল। এসব চালান নভেম্বরে দেশে আসত যা দিয়ে পরবর্তী ডিসেম্বরে দেশের চাহিদা পূরণ করার কথা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, জি-টু-জি ভিত্তিতে প্রতিশ্রুত ডিজেল এবং জেট ফুয়েল সরবরাহ না দিলেও বাড়তি দরে ওই কোম্পানির সঙ্গেই রহস্যজনক প্রক্রিয়ায় চুক্তি করা হচ্ছে। এতে বিপিসি পরিচালক অপারেশন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের যোগসাজশ আছে বলে আশঙ্কা করছেন অনেকে। তারা বলেছেন, গোপন সমঝোতার ভিত্তিতে প্রিমিয়াম বাড়িয়ে উন্মুক্ত দরপত্র করা হয়েছে। চাইলেই নির্ধারিত তালিকা থেকে কম দামে চূড়ান্ত করার সুযোগ ছিল। অথচ মন্ত্রিসভার আদেশের বাইরে গিয়ে বাড়তি প্রিমিয়ামে কার্যাদেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সেই কোম্পানিকে। এক্ষেত্রে বাড়তি অর্থ বিদেশে ভাগাভাগির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের জ্বালানি চাহিদার সিংহভাগ এখন একাই নিয়ন্ত্রণ করছে নির্দিষ্ট ওই সিন্ডিকেট। 

বিপিসির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট পচান্ন লাখ দশ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় তেরো লাখ টনের কার্যাদেশ গেছে এমন প্রতিষ্ঠানের কাছে, যাদের স্থানীয় প্রতিনিধি বা ব্যবসায়িক সংযোগ ডা. এজাজুর রহমানের প্রতিষ্ঠানের হাতে। দরপত্রে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়, যাতে নির্দিষ্ট ওই সিন্ডিকেট ছাড়া আর কারও পক্ষে কাজ পাওয়া সম্ভব নয়। তাদের কারণে সেখানে নতুন কোনো প্রতিষ্ঠানের প্রবেশ করাই অসম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিগত সরকারের পতনের পরও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় নভেম্বরে জ্বালানি সরবরাহের অপারগতার বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে। গত জুন-আগস্ট মেয়াদের দরপত্র নথিতে দেখা যায়, তিন মাসের জন্য চারটি প্যাকেজে জ্বালানি আমদানির উদ্যোগ নেয় বিপিসি। প্যাকেজ পিজি-ওয়ানে ডিজেল ও জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ইউনিপেক সিঙ্গাপুর। 

পিজি-টুতে ডিজেল ও জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ভিটল এশিয়া। পিজি-থ্রিতে ফার্নেস অয়েল সরবরাহের কার্যাদেশ পায় ট্রাফিগুরা। পিজি-ফোরে অকটেন সরবরাহের কার্যাদেশ পায় আবারও ভিটল এশিয়া। অতীতে জি-টু-জি ভিত্তিতে আনা জ্বালানি তেলের প্রিমিয়াম খরচ কমিয়ে দেওয়ায় বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছিল বলে নথিপত্র থেকে জানা যায়। এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম জানান, কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে বলে তাঁর মনে হয় না, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এজাজুর রহমানের কোম্পানিকেই কার্যাদেশ দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, তাঁরা তালিকাভুক্ত কোম্পানির বাইরে যেতে পারেন না, তবে তালিকাভুক্ত করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং নতুন কোম্পানি পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। 

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম জানান, জ্বালানি তেলের দরপত্র নিয়ে যেসব কাণ্ডকারখানা ঘটছে তাতে বলা যায় যে দরপত্র সিন্ডিকেট দ্বারা সব জায়গাতেই প্রভাবিত। এখানে দরদাতারা নিজেদের পছন্দমতো দর দেয় এবং কেউ জ্বালানি তেলের চালান সরবরাহে অপারগতা প্রকাশ করলে যে ক্ষতি রাষ্ট্রের হবে, তা দায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে হবে। একই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি সামনে আনতে হবে।

বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশি এগারোটি প্রতিষ্ঠান জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে বিপিসির তালিকাভুক্ত। প্রতিষ্ঠানগুলো হলো ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড, পিটি বুমি সিয়াক পুসাকু জাপান ইন্দোনেশিয়া, পেট্রকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড মালয়েশিয়া, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং পিটিই লিমিটেড থাইল্যান্ড, ওকিউ ট্রেডিং লিমিটেড ওমান, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড চায়না, অ্যামিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি সংযুক্ত আরব আমিরাত, ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড ভারত, নুমালিগড় রিফাইনারি লিমিটেড ভারত, ভিটল এশিয়া পিটিই লিমিটেড সিঙ্গাপুর এবং সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল সিঙ্গাপুর পিটিই লিমিটেড। 

প্রতিষ্ঠানগুলো জি-টু-জি ও উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বিপিসিকে পরিশোধিত জ্বালানি সরবরাহ করে। কারওয়ান বাজার বিটিএমসি ভবনের দশ তলায় রয়েছে বিপিসির লিয়াজোঁ অফিস এবং একই ভবনের আট তলায় ডা. এজাজের ট্রান্সবাংলা কমোডিটিজ ও সেভেন মার্কের কার্যালয়। এসব বিষয়ে ডা. এজাজুর রহমানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও কোনো সংযোগ পাওয়া যায়নি এবং অন্য কোনোভাবেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।