রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসে যে দামে বিক্রি হবে পেট্রোল-অকটেন-ডিজেল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৩:৩৯ পিএম

নভেম্বর মাসে যে দামে বিক্রি হবে পেট্রোল-অকটেন-ডিজেল

চলতি নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্র সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের নির্ধারিত দর বহাল রেখেই নভেম্বর মাসে জ্বালানি তেল বিক্রি করতে হবে। নির্ধারিত এই মূল্য রোববার (১ নভেম্বর) থেকেই কার্যকর হয়েছে। গত ২৯ অক্টোবর এ সংক্রান্ত পরিপত্রটি জারি করে মন্ত্রণালয়।

পরিপত্র অনুযায়ী নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। এছাড়া পেট্রোলের দাম প্রতি লিটার ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন করে দাম না বাড়লেও দর অপরিবর্তিত থাকায় জ্বালানি ব্যয়ের চাপ বহাল থাকছে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে একলাফে ২০ টাকা বাড়ানো হয়েছিল। ওই দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়। সে সময় ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য দ্বিগুণ হলেও দীর্ঘ সময় সরকার দেশীয় বাজারে দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের মূল্য সমন্বয়, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং প্রতিবেশী দেশে জ্বালানি তেল পাচার রোধ করার লক্ষ্যেই আগের দফায় এই মূল্যবৃদ্ধি করতে হয়েছিল।