রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
গণপরিবহনে নতুন শৃঙ্খলা

ঢাকায় চালু হলো ফ্র্যাঞ্চাইজ বাসসেবা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৪:২৪ পিএম

ঢাকায় চালু হলো ফ্র্যাঞ্চাইজ বাসসেবা

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা দূর করা, যানজট হ্রাস এবং যাত্রীসেবার মান নিশ্চিতের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউয়ে পরীক্ষামূলকভাবে এই বিশেষ সেবা চালু করা হয়।

প্রাথমিক পর্যায়ে রাজধানীর ছয়টি নির্দিষ্ট রুটে এই বাস চলাচল শুরু হয়েছে।

রুটভেদে ২০ থেকে শুরু করে সর্বোচ্চ ২৫৩টি পর্যন্ত বাস নামানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ছয়টি নির্ধারিত রুট হলো—গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর। এর মধ্যে শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার দীর্ঘ পথে ২৫৩টি নন-এসি বাস নামাবে ভিআইপি পরিবহন, যেখানে বর্তমানে ভিআইপি ও বিকাশ পরিবহনের বাসও চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। ছয়টি রুটে সফলতার পর পর্যায়ক্রমে রাজধানীর মোট ৩২টি রুটে এই আধুনিক ফ্র্যাঞ্চাইজি পরিচালনা ব্যবস্থা কার্যকর করা হবে।

যাত্রী সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি রুটের বাসের জন্য নির্দিষ্ট রং ও নম্বর থাকবে। সামনের ডিজিটাল প্লেট দেখে সাধারণ যাত্রীরা সহজে নিজ গন্তব্যের বাস চিনে উঠতে পারবেন।

রাজধানীতে যানজট ও বিশৃঙ্খলার মূল উৎস হিসেবে একই সড়কে বিভিন্ন কোম্পানির বাসের মধ্যে অসুস্থ রেষারেষিকে দায়ী করা হয়। সেই সংকট কাটাতে সমন্বিত ফ্র্যাঞ্চাইজি মডেল কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত ২৬ নম্বর রুটে ট্রান্স সিলভা ও বিআরটিসির যৌথ পরিচালনায় কাউন্টারভিত্তিক ই-টিকিটিং ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি বাসসেবার সূচনা করা হয়েছিল।

উদ্বোধনী আয়োজনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।