নভেম্বর ১, ২০২৬, ১১:৩৮ এএম
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। অবরোধের খবর ছড়িয়ে পড়ার পরপরই সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে মিছিল নিয়ে মহাসড়কে এসে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, লাগামহীন নিত্যপণ্যের বাজারে বর্তমান বেতনে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতি অবনতি ঠেকাতে এবং বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন