নভেম্বর ১, ২০২৬, ১১:৫০ এএম
দেশের বাজারে টানা দুই দফায় বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে মোট ৭ হাজার ১১৪ টাকা কমেছে। এর মধ্যে শনিবার (৩১ অক্টোবর) এক দিনেই কমানো হয়েছে ৫ হাজার ৪৮১ টাকা। এর আগের দিন শুক্রবার (৩০ অক্টোবর) দাম কমানো হয়েছিল ১ হাজার ৬৩৩ টাকা।
দুই দফায় সমন্বয় করার পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শনিবার এই নতুন দর নির্ধারণ করা হয়।
অন্যান্য মানের স্বর্ণের দামও সমানতালে কমেছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায়।
স্বর্ণের পাশাপাশি বাজারে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
অন্যান্য মানের ক্ষেত্রে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার অলংকারের দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৭ টাকা কমিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯১৬ টাকায়। একই সঙ্গে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন