বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
মূল্যবান ধাতুর দরপতন

বিশ্ববাজারে রুপা ও স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ০৮:২১ পিএম

বিশ্ববাজারে রুপা ও স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামে বড় পতন

আন্তর্জাতিক পণ্যবাজারে স্বর্ণ, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামসহ প্রধান মূল্যবান ধাতুগুলোর মূল্যে একযোগে দরপতন ঘটেছে। আন্তর্জাতিক লেনদেনে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে স্পট মার্কেটে প্রতিটি ধাতুর দর কমে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমেছে। এর ফলে ধাতুটির প্রতি আউন্সের মূল্য ৫২ দশমিক ৬৭ ডলারে নেমে আসে।

একই দিনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতু প্লাটিনামের দামেও উল্লেখযোগ্য পতন ঘটে। বাজারে প্লাটিনামের দর ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে এক হাজার ৫০২ দশমিক ৬১ ডলারে।

অন্যদিকে প্যালাডিয়ামের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। দরপতনের পর বাজারে প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয়েছে এক হাজার ২ দশমিক ৫৫ ডলারে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুগুলোর এই নিম্নমুখী প্রবণতা লগ্নিকারীদের সতর্ক পদক্ষেপ গ্রহণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

রুপা ও প্লাটিনামের পাশাপাশি অপরিবর্তিত থাকেনি স্বর্ণের বাজারও।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল আটটা ৫৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমেছে। এর ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে চার হাজার ২২ দশমিক ১৯ ডলারে।

একই সাথে আগামী ডিসেম্বর মাসে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ফিউচার দর কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। এই দরপতনের পর প্রতি আউন্স ফিউচার স্বর্ণের দাম স্থির হয়েছে চার হাজার ৩৫ ডলারে।