অক্টোবর ২৯, ২০২৬, ০৫:২১ পিএম
১২ কেজি ওজনের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম এক হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। তবে আমদানিকারক ও ব্যবসায়ীরা এই সিলিন্ডারের দর দুই হাজার ২৩২ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
বর্তমানে ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য এক হাজার ৮৩৭ টাকা হলেও ভোক্তাদের এটি কিনতে হচ্ছে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৩০০ টাকায়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক প্রকাশ্য গণশুনানিতে মূল্যায়ন কমিটির পক্ষ থেকে এই নতুন দামের প্রস্তাব তুলে ধরা হয়।
গণশুনানিতে নির্ধারিত দরে বাজারে গ্যাস সরবরাহের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। কমিশনের বেঁধে দেওয়া দামে সাধারণ বাজারে এলপিজি বিক্রি নিশ্চিত করতে না পারার অভিযোগ তুলে অনুষ্ঠান চলাকালেই তাৎক্ষণিকভাবে শুনানি বর্জন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান।
তিনি অভিযোগ করেন, কমিশন নিয়মিত দাম নির্ধারণ করলেও মাঠপর্যায়ে ভোক্তারা কখনোই সেই সুফল পান না এবং কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি টাকা আদায় করা হয়।
অনুষ্ঠিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমদ। এ সময় গ্যাস খাতের অংশীজন হিসেবে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) নেতৃবৃন্দ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন