অক্টোবর ১৪, ২০২৬, ০৮:১০ পিএম
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের লক্ষ্যে আনুষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আগামী ২৯ অক্টোবর এই উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ অক্টোবর) কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।
সিলিন্ডারের দাম নিয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের অসন্তোষের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হলো।
এর আগে গত ৪ অক্টোবর দেশের বাজারে এলপিজির দাম একদফায় অস্বাভাবিক বাড়ায় কমিশন। ওই দিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ঘোষণার দিন সন্ধ্যা থেকেই নতুন এই বর্ধিত দর কার্যকরের নির্দেশ দেয় বিইআরসি, যা নিয়ে সাধারণ ভোক্তাদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়।
সরকারি ও বেসরকারি খাতের একাধিক পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই শুনানির আয়োজন করছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে। এর পাশাপাশি বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ ও রিটেইলার চার্জসহ বিভিন্ন স্তরের ব্যয় সমন্বয়ের প্রস্তাব জমা দিয়েছে কিছু বেসরকারি অপারেটর কোম্পানি। একই সাথে বিতরণ চার্জ পরিবর্তনের জন্য কিছু ডিস্ট্রিবিউটর লাইসেন্সিও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৬) অনুযায়ী আবেদন জানিয়েছে। আইনি বাধ্যবাধকতা মেনেই এসব প্রস্তাবের ওপর আগ্রহী অংশীজনদের নিয়ে এই শুনানি পরিচালিত হবে।
রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত শুনানি চলবে।
শুনানিতে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে গণশুনানি-পূর্ব লিখিত মতামত বা বক্তব্য কমিশনে জমা দিতে হবে। শুনানিতে সরাসরি অংশ নিয়ে বক্তব্য উপস্থাপনের জন্য একই তারিখের মধ্যে কমিশনে নাম নিবন্ধনের বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে।
এদিকে গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে হয়রানির প্রতিবাদে এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এলপিজি খাতের প্রতিনিধিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন