অক্টোবর ১৪, ২০২৬, ০৮:৩৪ পিএম
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে মন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।
সফরের মূল লক্ষ্য কারিগরি শিক্ষার আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। সফরকালে শিক্ষামন্ত্রী চীনের তিয়ানজিন শহরে আয়োজিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর মূল অধিবেশনে অংশ নেবেন। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বেও তিনি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুই দেশের শিক্ষা ও দক্ষতা বিনিময় খাতে নতুন দিগন্ত তৈরির সম্ভাবনা রয়েছে এই সফরে। সফর চলাকালে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের অংশ হিসেবে চীনা শিক্ষা কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকে কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন