অক্টোবর ১৪, ২০২৬, ০৫:২৭ পিএম
নিরাপদ খাদ্য পরীক্ষা কার্যক্রম সরেজমিনে দেখতে সচিবালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা বিশেষ এই ভ্রাম্যমাণ ভ্যানের ভেতরে প্রবেশ করেন সরকারপ্রধান। সেখানে তিনি খাদ্যের বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ এবং তা তাৎক্ষণিক পরীক্ষার বৈজ্ঞানিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষাগারটির সামগ্রিক কারিগরি সক্ষমতা ও মাঠপর্যায়ের কর্মপদ্ধতি বিস্তারিত তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারাদেশে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিটি জেলায় নজরদারি জোরদার করা হচ্ছে।
বর্তমানে দেশের আটটি বিভাগীয় মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাবারের নমুনা পরীক্ষা ও মান তদারকি চলছে। তবে সরকার এই কার্যক্রম দ্রুত দেশের ৬৪টি জেলাতেই সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দল পৃথকভাবে এই তদারকি তদারক করছে।
ভেজাল শনাক্তকরণে এই গতি বাড়াতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সারাদেশে মোট ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কাজ এখন পুরোদমে চলছে।
ল্যাবরেটরি ভ্যানগুলো শুধু খাবার পরীক্ষাতেই সীমাবদ্ধ নয়। খাদ্য নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে ভ্যানগুলোর বাইরের অংশে বড় মনিটর বসানো রয়েছে। এসব পর্দায় নিরাপদ খাদ্য ও ভেজাল সংক্রান্ত সচেতনতামূলক বিভিন্ন তথ্যচিত্র নিয়মিত প্রচার করা হয়।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম এবং খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন