বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,
রুশ ডিজেল আমদানি

রুশ ডিজেল আমদানিতে ট্রাম্পের পদক্ষেপে সতর্ক করলেন জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৬, ০৫:৫৫ পিএম

রুশ ডিজেল আমদানিতে ট্রাম্পের পদক্ষেপে সতর্ক করলেন জর্জিয়া মেলোনি

ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ইতালির সিনেটে দেওয়া ভাষণে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মেলোনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে মস্কোর অতিরিক্ত রাজস্ব আয়ের নতুন পথ তৈরি হতে পারে। একই সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত সামগ্রিক পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

জ্বালানি বাজারের চলমান অস্থিরতা বিশ্লেষণ করে ইতালীয় সরকারপ্রধান উল্লেখ করেন যে বাজারে তেলের মূল্যবৃদ্ধির পেছনে ইউক্রেন সংঘাতের চেয়ে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের প্রভাব বহুলাংশে দায়ী। এমন জটিল বাস্তবতায় রাশিয়ার ডিজেল সরবরাহ নিয়ে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপের কার্যকারিতা ও যৌক্তিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি।

মেলোনি বলেন, এই সিদ্ধান্তের ভবিষ্যৎ পরিণতি অনিশ্চিত হলেও সম্ভাব্য ঝুঁকিগুলো অত্যন্ত স্পষ্ট।

তাঁর মতে, এই ব্যবস্থা কার্যকর হলে মস্কোর আন্তর্জাতিক অবস্থানকে বৈধতা দেওয়ার সুযোগ উন্মুক্ত হতে পারে। ২০২২ সালে ইউক্রেন অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করে সমঝোতায় বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা যখন ক্রমাগত নিষেধাজ্ঞা প্রয়োগ করছে, তখন ওয়াশিংটনের এমন দৃষ্টিভঙ্গি বৈশ্বিক অঙ্গনে সম্পূর্ণ পরস্পরবিরোধী সংকেত পাঠাবে বলে মত দেন তিনি।

একই বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের বাজেট ও আঞ্চলিক অর্থনীতির অভ্যন্তরীণ চ্যালেঞ্জ নিয়ে কঠোর অবস্থান পরিষ্কার করেন ইতালির প্রধানমন্ত্রী।

ইতালির নিজস্ব অর্থনীতি ও বাণিজ্যিক প্রতিযোগিতামূলক সক্ষমতা টিকিয়ে রাখতে জ্বালানির উচ্চমূল্যকে সবচেয়ে মারাত্মক বাধা হিসেবে চিহ্নিত করেন মেলোনি। মহাদেশীয় স্তরে এই সংকট নিরসনে দ্রুত সমন্বিত কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি।

জোটের ভবিষ্যৎ বাজেট প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে জানান, কৃষি ও মৎস্য খাত কিংবা আঞ্চলিক উন্নয়ন ও সংহতি তহবিলের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ কমিয়ে রোম কোনো বাজেট চুক্তি মেনে নেবে না।

চলতি বছরের শেষ নাগাদ একটি সাধারণ ঐকমত্যে পৌঁছানোর প্রাতিষ্ঠানিক লক্ষ্য থাকলেও কেবল নির্ধারিত সময়সীমা রক্ষার তাগিদে কোনো ত্রুটিপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করবে না ইতালি। মেলোনি সাফ জানিয়ে দেন, দেশের স্বার্থের জন্য যা সঠিক হবে, কেবল তেমন রূপরেখাতেই সম্মতি দেবে তাঁর সরকার।