নভেম্বর ২৭, ২০২৬, ১০:৩৩ এএম
থ্যাংকসগিভিং উৎসবের ছুটিতে শক্তিশালী ঝড় ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এবং পশ্চিমাঞ্চলে তীব্র জলোচ্ছ্বাসের প্রভাবে প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার রাত নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৯ লাখ ৮০ হাজারেরও বেশি পরিবারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তথ্য পাওয়া যায়, যেখানে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং নিউ জার্সির পরিস্থিতি সবচেয়ে নাজুক হয়ে ওঠে।
বৈরী আবহাওয়ার কারণে আকাশপথেও বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ৮ কোটিরও বেশি মার্কিন নাগরিকের ভ্রমণের পরিকল্পনা থাকলেও বৃহস্পতিবার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে আরও ২ হাজার ২০০টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়েছে। এর আগেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে পুরো সপ্তাহজুড়ে ফ্লাইট বিলম্বের আশঙ্কা প্রকাশ করে পূর্বাভাস দিয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানা ঝড়টির প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বেগে বাতাস বয়ে যায়, যার সঙ্গে যুক্ত হয় মুষলধারে বৃষ্টি ও উপকূলীয় বন্যা। জার্সি শোর এলাকার বেশ কিছু জনপদ প্লাবিত হওয়ায় নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একইভাবে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
প্রতিকূল আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক মেসিস থ্যাংকসগিভিং প্যারেড স্থগিত করে শনিবার নেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডে সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ডেলাওয়্যারে উত্তাল ঢেউ আছড়ে পড়ে সমুদ্রসৈকত ও বোর্ডওয়াক প্লাবিত হয়েছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় মেরিল্যান্ডের পানি সরবরাহকারী সংস্থা প্রায় ২০ লাখ গ্রাহককে কেবল জরুরি প্রয়োজনে পানি ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
ন্যাশনাল ওয়াটার প্রেডিকশন সার্ভিসের তথ্য বলছে, ওয়াশিংটন ডিসিতে রেকর্ড পরিমাণ বৃষ্টির এই থ্যাংকসগিভিংয়ের দিনে জোয়ারের পানি উপচে পড়ে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে তলিয়ে গেছে।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনঃস্থাপনে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ভার্জিনিয়া ও নিউ জার্সির জ্বালানি কোম্পানিগুলো সতর্ক করে দিয়েছে যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে বেশ কিছুটা সময়, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপদ প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত কর্মীদের অপেক্ষা করতে হচ্ছে বলে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছুটির দিনের এই দুর্যোগ মোকাবিলায় পূর্ব উপকূলের জন্য জরুরি তহবিল ছাড় করার বিষয়টি তিনি বিবেচনা করবেন।
পূর্বাঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বিরূপ আবহাওয়া ধেয়ে আসছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্ক করেছে যে প্রশান্ত মহাসাগরীয় একের পর এক ঝড়ের প্রভাবে বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত এবং প্রবল বাতাস বয়ে যেতে পারে। উপকূলজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক উঁচু জোয়ারের কারণে বন্যার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় পানির স্তর ৮ ফুটেরও বা ২ দশমিক ৪ মিটারের বেশি উচ্চতায় পৌঁছাতে পারে, যা গত মাসেই হওয়া সর্বোচ্চ উচ্চতার রেকর্ড ভেঙে দেবে। এর আগে সপ্তাহের শুরুতে সান দিয়েগো এবং লস অ্যাঞ্জেলেস উভয় স্থানেই ৮ ফুটের বেশি উঁচু জোয়ার রেকর্ড করা হয় এবং পর্যটকদের সমুদ্রসৈকত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর চলাচলকারী অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, উচ্চ জোয়ারের কারণে রেললাইন ধসে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তারা বেশ কয়েকটি ট্রেন যাত্রা বাতিল করেছে।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও একই ধরনের ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন