বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
আন্দোলন অব্যাহত

আইইবির সংবাদ সম্মেলন, সমাধান চান চুয়েট শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩৯ পিএম

আইইবির সংবাদ সম্মেলন, সমাধান চান চুয়েট শিক্ষার্থীরা

বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য সংকটের স্থায়ী সমাধানের দাবিতে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সংকট নিয়ে সংবাদ সম্মেলন করে আইইবি চট্টগ্রাম কেন্দ্র জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই, তবে শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে পৌঁছে কেন্দ্রের সামনে অবস্থান নেন। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য সংকট নিয়ে সংবাদ সম্মেলন করে আইইবি চট্টগ্রাম কেন্দ্র। সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চলমান সংকটের দ্রুত সমাধান হওয়া উচিত, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়ে।

প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‍‍`চলমান সংকটের দ্রুত সমাধান হওয়া উচিত, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়ে। তবে এ সংকট সমাধানের এখতিয়ার আমাদের নেই। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।‍‍` সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষাকার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করা সম্ভব না হলে শিক্ষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ দিতে হবে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হক বলেন, ‍‍`একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য ছাড়া চলতে পারে না। আমরা চাই, সরকার দ্রুত এ সংকটের সমাধান করুক। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুক। প্রয়োজনে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করা সম্ভব না হলে আলোচনার ভিত্তিতে চুয়েট থেকেই অন্য কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।‍‍`

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‍‍`আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান‍‍`, ‍‍`শরীফের ঠিকানা এই চুয়েটে হবে না‍‍` এবং ‍‍`আইইবি নীরব কেন? জবাব চাই‍‍` স্লোগান দেন।

চুয়েটের এক শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‍‍`আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।‍‍` তিনি বলেন, ‍‍`প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যাঁরা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন - আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের এই প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।‍‍`

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এছাড়া প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

অবস্থান কর্মসূচি শেষে আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের এক সভায় অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তাঁকে ‍‍`বয়কট‍‍` ঘোষণা করেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষক সমিতি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে চুয়েটের ভেতর থেকে নতুন উপাচার্য নিয়োগের প্রস্তাব দিয়েছে।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি এবং বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের কথা আগেই জানানো হয়েছিল। এর আগে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের এক আলোচনা সভা শেষে বৃহস্পতিবার থেকে আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভা শেষে শিক্ষার্থীরা রাত ২টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, দুই মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৩৬ দিনের শাটডাউনের পর ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান হয়নি।

উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে আবারও কমপ্লিট শাটডাউন চলছে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ১৮ অক্টোবর ছয় সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে। তবে প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের দেওয়া তালা এখন পর্যন্ত খোলা হয়নি, যার কারণে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।