নভেম্বর ২৬, ২০২৬, ১০:৫৭ পিএম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা কখনো ছিল না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বদলির ব্যবস্থা কীভাবে ঠিক করা যায়, তা নিয়ে তিনি নিজ উদ্যোগে কাজ করছেন বলে জানান তিনি। মিছিল-মিটিং না করে শ্রেণিকক্ষে ফিরে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, `বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তারা বদলির জন্য অনশন করছেন। এই বদলির ব্যবস্থা আদৌ কখনো কোথাও ছিল না। আমি এনটিআরসিএ তৈরি করেছিলাম বেগম খালেদা জিয়ার সময়ে। এই এনটিআরসিএতে আগে নিয়োগ দিয়েছিল ত্রুটিপূর্ণ। সেজন্য বাংলাদেশে এই অবস্থাটি সৃষ্টি হয়েছে।`
তিনি বলেন, `এক প্রান্তের লোক আরেক প্রান্তে চাকরির জন্য তারা পাঠিয়েছিল। সেটাকে আমি নিজ উদ্যোগে এই বদলি ব্যবস্থাকে কীভাবে ঠিক করা যায়, সেটা নিয়ে আমি কাজ করছি। আমাকে কেউ বলেনি কাজ করার জন্য। যদি এই বদলি ব্যবস্থার রীতি থাকতো, তাহলে আপনারা যদি দাবি করে আদায় করতে পারতেন, গত ২০ বছর, গত ১৯ বছর কোথায় ছিলেন? বললেন না?`
তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার ৯ মাস হয়েছে। এর মধ্যে বদলির বিষয়ে কমিটি করা হয়েছে, অ্যাপস তৈরি করা হচ্ছে এবং তালিকা তৈরি করা হচ্ছে। মিছিল-মিটিং করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, `যারা শিক্ষক, যাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে- তারা সকলেই এমপিও পাবেন। এইজন্য মিছিল-মিটিং করার কোনো প্রয়োজন নেই। ক্লাসরুমে যান, ক্লাস করান। আমরা জানি কোন কোন কলেজ, কোন কোন স্কুল, কোন কোন মাদ্রাসা এমপিও পেতে পারে। আমরা তাদের এমপিও তাদের স্কুলে পৌঁছে দেব, আমাদের কাছে আসতে হবে না।`
ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে যাওয়া শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান মন্ত্রী। শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো শিক্ষকদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষক নেতা হওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, `শিক্ষক নেতা তিনিই হবেন, যার সার্টিফিকেটে ভালো রেজাল্ট থাকবে। নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না।`
একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, `মেয়েদের উপবৃত্তি ইন্টারমিডিয়েট পর্যন্ত বেগম খালেদা জিয়া দিয়েছিলেন; তারেক রহমান মেয়েদের উপবৃত্তির ডিগ্রি পর্যন্ত ব্যবস্থা করেছেন।` যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা এখনো ভবন পায়নি, সেগুলোতে নতুন ভবন দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বদলির চূড়ান্ত আদেশ জারির দাবিতে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত নারী শিক্ষকরা। `সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ` ব্যানারে শুরু হওয়া এই কর্মসূচি আজ দ্বিতীয় দিনেও চলছে।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে বদলির চূড়ান্ত আদেশ অবিলম্বে প্রকাশ, নির্ধারিত নীতিমালা ও স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি সম্পন্ন করা, নারী শিক্ষকদের পারিবারিক ও মানবিক সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত ফল প্রকাশ এবং শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষা ও দুর্ভোগের অবসান। বদলির আবেদন শেষ হয়েছিল ১৩ সেপ্টেম্বর। ১৩ হাজার ৫০০-এর বেশি আবেদন জমা পড়লেও দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির সব কাজ শেষ করেছে। মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় ফল প্রকাশ হয়নি।
তবে বদলির ফল প্রকাশের দাবিতে তাঁরা প্রেস ক্লাবের সামনেই অবস্থান করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন