নভেম্বর ২৬, ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইনে লাখ লাখ টাকার খাবার বিক্রি হলেও ভ্যাটের দাখিলপত্রে তার প্রতিফলন নেই। এমন অসংগতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সংস্থা। প্রাথমিক যাচাইয়ে সারাদেশের প্রায় ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁকে নজরদারির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে সারাদেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছে এ সংক্রান্ত তথ্য ও নির্দেশনা পাঠানো হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনটি খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্মের এক মাসের তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ২৯টি রেস্তোরাঁর বিক্রিতে এই অসংগতি ধরা পড়ে। ওই তথ্য আরও যাচাইয়ের পর সারাদেশের প্রায় ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁয় একই ধরনের অসংগতি রয়েছে বলে মনে করছে অধিদপ্তর।
এনবিআরের নথি অনুযায়ী, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ই-কমার্স ও কুরিয়ার সার্ভিসের প্রায় ২৭ হাজার সম্ভাব্য করদাতা চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি রেস্তোরাঁ খাত নিয়ে একটি বিশেষ গবেষণা পরিচালনা করা হয়।
গবেষণার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় তিন খাদ্য ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা, ফুডি এবং পাঠাও ফুড থেকে তাদের সঙ্গে নিবন্ধিত রেস্তোরাঁগুলোর তালিকা সংগ্রহ করা হয়। ফুডপান্ডায় ৪ হাজার, ফুডিতে ৫ হাজার ৩৪৯টি এবং পাঠাও ফুডে ৩ হাজার ৪৬৪টি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে।
একাধিক প্ল্যাটফর্মে একই প্রতিষ্ঠানের নাম থাকায় সব মিলিয়ে ইউনিক রেস্তোরাঁর সংখ্যা ৬ থেকে ৭ হাজার হতে পারে বলে ধারণা করছে গোয়েন্দা অধিদপ্তর।
ওই তালিকা থেকে ২৯টি পরিচিত রেস্তোরাঁর ২০২৬ সালের আগস্ট মাসের মূসক দাখিলপত্রের সঙ্গে তিন ডেলিভারি প্ল্যাটফর্মের বিক্রির তথ্য গভীরভাবে পর্যালোচনা করা হয়। বাজার সমীক্ষার তথ্য অনুযায়ী, সাধারণত একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ আউটলেট থেকে সরাসরি হয়ে থাকে।
অথচ পর্যালোচিত ২৯টি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই দেখা গেছে, শুধু তিনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের বিক্রির পরিমাণ আগস্ট মাসের দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়েও বেশি। অর্থাৎ আউটলেটের সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইন বিক্রির বড় একটি অংশই গোপন করা হয়েছে বলে মনে করছে অধিদপ্তর।
তুলনামূলক পর্যালোচনায় দেখা যায়, ২৯টি প্রতিষ্ঠানের দাখিলপত্র ও অনলাইন বিক্রির মধ্যে কোটি কোটি টাকার গরমিল রয়েছে। সুলতান`স ডাইনের গুলশান-২ শাখার আগস্ট মাসে তিন প্ল্যাটফর্মে মোট বিক্রি ছিল ৬০ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা, অথচ ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৩২০ টাকা। এতে পার্থক্য দাঁড়িয়েছে ৮ লাখ ৬২ হাজার ৫৯৭ টাকা।
একই প্রতিষ্ঠানের মিরপুর-৬ শাখার অনলাইন বিক্রি ৪৮ লাখ ৫৭ টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে ৩৪ লাখ ৩০ হাজার টাকা। পার্থক্য ১৩ লাখ ৭০ হাজার ৫৭ টাকা। এছাড়া জিন্দাবাজার শাখায় ৭ লাখ ২৬ হাজার ৩৩৬ টাকা, মিরপুরের আরেকটি শাখায় ১৪ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা এবং আগ্রাবাদ শাখায় ৫ লাখ ৮৮ হাজার ৮২৮ টাকার বিক্রির অমিল পাওয়া গেছে।
হিসাবের এই গরমিল আরও প্রকট বার্গার এক্সপ্রেসের শাখাগুলোতে। প্রতিষ্ঠানটির বনানী শাখায় আগস্ট মাসে অনলাইন বিক্রি ২৯ লাখ ৩৮ হাজার ৩৬৮ টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার ৫৫ টাকা। এতে পার্থক্য ২৬ লাখ ৯৬ হাজার ৩১৩ টাকা। কলাবাগান শাখায় অনলাইন বিক্রি ২৭ লাখ ২৩ হাজার ৩০৩ টাকার বিপরীতে দাখিলপত্রে দেখানো হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। পার্থক্য ২০ লাখ ৯০ হাজার ৭৪৩ টাকা।
মিরপুর-১০ শাখায় অনলাইন বিক্রি ২৫ লাখ ৬ হাজার ৩০৯ টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪৯৫ টাকা। পার্থক্য ২০ লাখ ৫৩ হাজার ৮১৪ টাকা। মোহাম্মদপুর শাখায় ২৪ লাখ ২৪ হাজার ৪৩৯ টাকার বিপরীতে দাখিলপত্রে দেখানো হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৮৮৫ টাকা। পার্থক্য ১৭ লাখ ৫৭ হাজার ৫৫৪ টাকা।
তালিকায় থাকা পিজ্জা বার্গের ৭টি শাখার সম্মিলিত অনলাইন বিক্রি ছিল ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা, অথচ দাখিলপত্রে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। এক্ষেত্রে মোট পার্থক্য ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকা। চিলক্সের খিলগাঁও, মোহাম্মদপুর ও বনানী শাখায় যথাক্রমে ৭ লাখ ৭১ হাজার ৩৯৫ টাকা, ৭ লাখ ৪০ হাজার ৮০০ টাকা এবং ১০ লাখ ৯১ হাজার ৪০৬ টাকার অমিল পাওয়া গেছে।
এছাড়া লালবাগ বিরিয়ানি হাউসে ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকার অমিল পাওয়া গেছে। চিজের ধানমন্ডি ও মিরপুর শাখা এবং ম্যাডশেফের মিরপুর ও উত্তরা শাখাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বড় অঙ্কের বিক্রির তথ্য গোপনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে অধিদপ্তর।
মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, পর্যালোচিত ২৯টি প্রতিষ্ঠানের মতো ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁর অধিকাংশের ক্ষেত্রেই একই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কমিশনারেটগুলো গভীরভাবে কাজ করলে বড় অঙ্কের রাজস্ব আহরণের সুযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমসহ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, খুলনা, যশোর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, ময়মনসিংহ ও কক্সবাজারের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকে ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে তালিকা থেকে নিজ নিজ অধিক্ষেত্রাধীন প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা, তিন প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত পাঁচ বছরের বিক্রির তথ্য সংগ্রহ করা, দাখিলপত্রের সঙ্গে মিলিয়ে বকেয়া রাজস্ব আদায় করা এবং বর্তমান সময়ের প্রকৃত বিক্রি হিসাব করে রাজস্ব আদায় নিশ্চিত করা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন