নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৩৩ পিএম
দেশের দ্রুত বর্ধনশীল আট শহরে নিরাপদ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা সম্প্রসারণে ১৫ কোটি মার্কিন ডলারের সহজ শর্তের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সুবিধা পাবেন।
এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট নামের এই উদ্যোগে কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে সমন্বিত পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা গড়ে তোলা হবে।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে এডিবির ঋণ ১৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৭৫ কোটি টাকা। বাকি ৪ কোটি ৬০ লাখ ডলার সরকার নিজস্ব তহবিল থেকে দেবে, যা মোট ব্যয়ের প্রায় সাড়ে ২৩ শতাংশ। ঋণের বাইরে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সেবা সংস্থার সুশাসন এবং অবকাঠামোর টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তার জন্য এডিবি আলাদাভাবে ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে।
প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি সংযোগ স্থাপন বা সংস্কার করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য বরাদ্দ থাকবে।
পানির অপচয় কমানো প্রকল্পের অন্যতম বড় লক্ষ্য। এডিবির তথ্য অনুযায়ী, প্রকল্প শহরগুলোতে এখন উৎপাদিত পানির অর্ধেকের বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই অপচয় হয় বা হিসাবের বাইরে থেকে যায়। পাইপলাইনের ছিদ্র, অবৈধ সংযোগ ও মিটারের ত্রুটি এর প্রধান কারণ। এই অপচয় ২০২৬ সালের ৫০ শতাংশের বেশি থেকে কমিয়ে ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সাতটি পানি শোধনাগার সংস্কার করা হবে এবং পানি সরবরাহ ব্যবস্থার নজরদারি ও অপচয় কমাতে ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) গড়ে তোলা হবে।
তুলনা করলে দেখা যায়, দেশের বিদ্যমান চার পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) চেয়েও এসব শহরে অপচয় অনেক বেশি। ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম ওয়াসায় অপচয় ছিল ৩০ শতাংশ, খুলনা ওয়াসায় ২৯ শতাংশ এবং রাজশাহী ওয়াসায় সাড়ে ১৭ শতাংশ। আর ২০২১-২২ অর্থবছরে ঢাকা ওয়াসার অপচয় ছিল ২০ শতাংশ। এডিবির প্রকল্পের লক্ষ্য অর্জিত হলে আট শহরের অপচয় নেমে আসবে ঢাকা ও রাজশাহী ওয়াসার কাছাকাছি।
পাশাপাশি অবস্থিত কয়েকটি শহরকে একটি গুচ্ছ হিসেবে ধরে একটি অভিন্ন উৎস থেকে পানি সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মেঘনা নদীর পানি শোধন করে সরবরাহ করা হবে কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ ও লাকসামে। আর পদ্মার পানি যাবে ঈশ্বরদী, পাবনা, নাটোর ও গোপালপুরে। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।
পানি সরবরাহের পাশাপাশি স্যানিটেশনেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রকল্পে। নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার নির্মাণ করা হবে। এ ছাড়া নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ব্যবহার উপযোগী চারটি জনসাধারণের স্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে, যা স্থানীয় নারী বাসিন্দারা পরিচালনা করবেন।
প্রকল্পটি কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠায় সহায়তা করবে। দেশে এখন ওয়াসা আছে চারটি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। কুমিল্লা ওয়াসা গঠিত হলে এটি হবে দেশের পঞ্চম ওয়াসা।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও পয়োনিষ্কাশন সেবা জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ প্রকল্পে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থাপনা এবং টেকসই সেবা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হলে আঞ্চলিক শহরগুলোতে সেবার মান উন্নত হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহকসেবা এবং অবকাঠামোর সার্বিক ব্যবস্থাপনায় ডিজিটাল পর্যবেক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে পানি সরবরাহ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করা সম্ভব হবে।
পাশাপাশি গৃহস্থালি সংযোগ গ্রহণ, ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার, মিটার ও পানির দাম মেনে নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো হবে। প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে খুলনায় পানি সরবরাহ সম্প্রসারণে এডিবির সঙ্গে ১৫ কোটি ডলারের ঋণচুক্তি করেছিল সরকার। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহনশীল প্রবৃদ্ধি অর্জনে কাজ করা অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক, যার সদস্যসংখ্যা ৬৯টি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন