নভেম্বর ২৬, ২০২৬, ১২:১০ পিএম
সরকার-থেকে-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে চার লাখ চল্লিশ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার নয়শ আট কোটি ঊনআশি লাখ সাতানব্বই হাজার পাঁচশ টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে তিনশ সাতচল্লিশ দশমিক সাত পাঁচ মার্কিন ডলার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
প্রতি কেজি গমের জন্য ব্যয় হবে তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা।
নির্ধারিত পরিমাণের সঙ্গে প্রয়োজনে আরও দশ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে। এই গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে আট লাখ টন গম আমদানির সিদ্ধান্ত রয়েছে সরকারের। এর মধ্যে জিটুজি পদ্ধতিতে সাত লাখ টন গম আসবে যুক্তরাষ্ট্র থেকে। এ জন্য গত ২০ মে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির জন্য এত দিন অনুমোদিত ছিল একটি প্রতিষ্ঠান। সম্প্রতি লুই ড্রেফাস কোম্পানিকে (এলডিসি) অনুমোদন দেওয়ায় সরবরাহকারী এখন দুটি। দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে গম কেনার সুযোগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম আমদানির উদ্যোগ নেওয়া হয় গত বছর। গত বছরের ২০ জুলাই দেশটির গম রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। পরে সংগঠনটি অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে ২০২৫ থেকে ২০৩০ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের জন্য অনুমোদিত সরবরাহকারী হিসেবে নির্ধারণ করে। এর আওতায় পাঁচ বছর মেয়াদে প্রতিবছর সাত লাখ টন করে গম আমদানির প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
গত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ চার হাজার টন গম আমদানি করা হয়। ওই গম সরবরাহের যাবতীয় কাজ করে অ্যাগ্রোকর্প। চলতি অর্থবছরেও যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ বিশ হাজার টন গম আমদানির কাজ চলছে।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দাম ধারাবাহিকভাবে বাড়ছে। গত বছরের অক্টোবরে প্রতি টনের দাম ছিল তিনশ আট ডলার, ডিসেম্বরে তা বেড়ে হয় তিনশ বারো দশমিক দুই পাঁচ ডলার। গত জুলাইয়ে আরও দুই লাখ বিশ হাজার টন গম কেনা হয় আগের তিন লটের চেয়ে বেশি দামে। একই সঙ্গে সিঙ্গাপুর থেকে আনা হয় পঞ্চাশ হাজার টন গম। সব মিলিয়ে ওই দুই লটে ব্যয় হয় এক হাজার বায়ান্ন কোটি চল্লিশ লাখ টাকা। এবার প্রতি টনের দাম দাঁড়াল তিনশ সাতচল্লিশ দশমিক সাত পাঁচ ডলার।
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক কমানোর দর-কষাকষিতে সুবিধা পেতেই গত বছর যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়। তবে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে গম আনতে প্রতি টনে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মার্কিন ডলার বেশি ব্যয় হচ্ছে। যুক্তরাষ্ট্রের গমের মান ভালো বলে একাধিকবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানের গম চট্টগ্রামে পৌঁছায়। প্রথম জাহাজে ছিল চৌত্রিশ হাজার একশ সত্তর টন গম। এর পরের সপ্তাহে আরও ষাট হাজার আটশ দুই টন গম নিয়ে দ্বিতীয় জাহাজ নোঙর করে চট্টগ্রাম বন্দরে।
সরকারি মজুত বাড়ানো এবং সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা সচল রাখতে দ্রুত ও প্রতিযোগিতামূলক দামে গম সংগ্রহের জন্য প্রতি বছর জিটুজি এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে খাদ্যশস্য আমদানি করে খাদ্য মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন