নভেম্বর ২৬, ২০২৬, ১১:৫১ এএম
খুলনা মহানগরীতে দুই দিনে আট স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন ২২ জন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর টুটপাড়া এলাকায় এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ার পর নগরজুড়ে আতঙ্ক আরও বেড়েছে। এর আগের দিন মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর সাতটি স্থানে গুলি চলে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় শেখ আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ঘের ও ঠিকাদারি ব্যবসা করতেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের নেতা ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, নিহত ব্যবসায়ী কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন। তার ঘেরের ব্যবসাও ছিল। এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। কারা কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানার কাছে পালংকি নামে একটি রেস্টুরেন্টে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ দিন আগে প্রতিষ্ঠানটির মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেওয়া হয়।
নিরাপত্তার আশঙ্কায় রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার দুপুরে পুলিশের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি খোলা হলেও বিকেলে পুলিশের উপস্থিতিতেই রাস্তার বিপরীত পাশ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য হিসেবে মো. সাকিব আল হাসান ও মো. আশিক হাওলাদার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানেও গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিমুর রহমান জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ আলামত উদ্ধার করা হয়েছে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলস লিমিটেডের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। রাত ৯টার দিকে লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে গুলি ও গেটে কোপানোর ঘটনা ঘটে। একই দিন লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
এ ছাড়া বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সড়কের মো. আবু সাইদ বাসার বাইরে ঘুমিয়ে ছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি বাড়ির নিচে অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে আবু সাইদ ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে দুর্বৃত্তরা তার সঙ্গে ঘরে প্রবেশ করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
বুধবার দুপুরে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ভুক্তভোগী মিল্টন সিএসএস আভা সেন্টারে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে বুধবার ভোরে নগরীর টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, বিশেষ অভিযানে মাদক মামলায় চারজন, গ্রেফতারি পরোয়ানায় আটজন, আগের মামলায় চারজন, সামারি ট্রায়ালে তিনজন এবং খুলনা মহানগর অধ্যাদেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
একের পর এক গুলির ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, খুলনায় গত ১১ মাসে ৪০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময়ে ৩৮টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
এর আগে গত ২৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭১ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৬৯টি। পুলিশের ভাষ্য, মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধ হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য কারণ।
তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. রেজাউর রহমান জানান, গুলির ঘটনাগুলোর তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন