বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
অর্থনীতির খবর

পৌনে ২ লাখ কোটি টাকা আটকে ব্যাংক মামলায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১০:২২ এএম

পৌনে ২ লাখ কোটি টাকা আটকে ব্যাংক মামলায়

বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের বিচারাধীন মামলায় আটকে আছে এক লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের মোট ৪৭ হাজার ৪৬৯টি মামলার বিপরীতে এই অর্থ আটকে আছে। ব্যাংকগুলো তাদের প্রতিবেদনে যে পরিমাণ খেলাপি ঋণ দেখিয়েছে, তার চেয়ে এই অর্থ ২২ হাজার ২১৮ কোটি টাকা বেশি। আটকে থাকা অর্থের প্রায় ৬০ শতাংশই রয়েছে শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জুনভিত্তিক তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট ঋণ রয়েছে তিন লাখ ২২ হাজার ৩৪৬ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো খেলাপি দেখিয়েছে এক লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ৩০ শতাংশ। মামলায় আটকে থাকা এক লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যাংকগুলোর দেখানো খেলাপির ১১৪ দশমিক ৬ শতাংশ।

মামলায় আটকে থাকা অর্থ খেলাপির চেয়ে বেশি হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, অর্থঋণ আদালতের মামলা, রিট ও সার্টিফিকেট, এই তিন ধরনের মামলায় অর্থ আটকে আছে। এর মধ্যে আদালতে এক হাজার ১৫৭টি রিট মামলার বিপরীতে আটকে থাকা ১৬ হাজার ৩১২ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হচ্ছে না। আবার অবলোপন করা ঋণও ব্যাংকের খেলাপিতে দেখানো হয় না। এ ছাড়া অর্থঋণের মামলায় অনারোপিত সুদ ও সব ধরনের খরচসহ হিসাব ধরা হয়, যেখানে ব্যাংকের প্রতিবেদনে কেবল খেলাপি হওয়া পর্যন্ত সুদসহ হিসাব দেখানো হয়। সব মিলিয়ে মামলায় থাকা ঋণ ব্যাংকের প্রতিবেদনে দেখানো খেলাপির চেয়ে ১৪ দশমিক ৬০ শতাংশ বেশি।

কেবল অর্থঋণ আদালতেই ১৩ হাজার ৯৭৩টি মামলায় আটকে আছে এক লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকার ঋণ। ব্যাংকের দেখানো খেলাপির তুলনায় এই অর্থ ৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি। অন্যদিকে ৩২ হাজার ৩৩৯টি সার্টিফিকেট মামলায় আটকে আছে ৩৬০ কোটি টাকা। রিট মামলায় আটকে থাকা ঋণও এই হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে।

ব্যাংকভিত্তিক চিত্রে মামলার অর্থ আটকে থাকার দিক থেকে শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। গত জুন পর্যন্ত ব্যাংকটির ১১ হাজার ৭০০টি মামলায় জড়িত অর্থের পরিমাণ এক লাখ ২১ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকটির মামলায় জড়িত অর্থ ছিল ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা। সোনালী ব্যাংকের ৯ হাজার ৫৮৭টি মামলায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ১৯ হাজার ৮৩২টি মামলায় ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা, বেসিক ব্যাংকের ৬৯২টি মামলায় ১৬ হাজার ৩২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪ হাজার ৭৪৪টি মামলায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা এবং বিডিবিএলের ৯১৪টি মামলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা আটকে আছে।

ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছেই আটকে আছে ৯১ হাজার ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ। ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ এই ২০ জনের কাছে। এই ক্ষেত্রেও সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছেই আছে ৫৮ হাজার ৬৪৩ কোটি টাকা, যা ব্যাংকটির নিজস্ব মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশ এবং ছয় ব্যাংকের সম্মিলিত শীর্ষ ২০ খেলাপির ঋণের ৬৪ দশমিক ৩ শতাংশ। অন্যান্য ব্যাংকের মধ্যে শীর্ষ ২০ খেলাপির হাতে রয়েছে বিডিবিএলের ৫১ দশমিক ৩৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৪৯ দশমিক ৭৮ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৪৪ দশমিক ৫৬ শতাংশ, সোনালী ব্যাংকের ৩৫ দশমিক ২১ শতাংশ এবং বেসিক ব্যাংকের ২৮ দশমিক ২৭ শতাংশ খেলাপি ঋণ।

নানা দুর্বলতার মধ্যেও এসব ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো আছে বলে প্রতিবেদনে দেখা যাচ্ছে। তবে আশানুরূপ ঋণ বিতরণ হচ্ছে না। জুনের তুলনায় সেপ্টেম্বর মাসে অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমেছে। এ সময়ে সোনালী ব্যাংকের ঋণ ৪ দশমিক ৬৩ শতাংশ এবং জনতা ব্যাংকের ঋণ শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। ছয়টি ব্যাংকই স্বল্পমেয়াদি তারল্য ও স্থিতিশীল তহবিল সংরক্ষণে সক্ষম হয়েছে। তবে ব্যাংকগুলোর মধ্যে কেবল সোনালী ও বিডিবিএল মূলধন সংরক্ষণে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, গত ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় এক লাখ ৪৮ হাজার কোটি টাকা। সংসদ সদস্যের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ব্যাংকগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক। সেসময় সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল জনতা ব্যাংকে, ৭৫ হাজার ৩৯৬ দশমিক ৬৭ কোটি টাকা।