বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

রেজোলিউশন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক, আমানত সুরক্ষায় সার্কুলার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১২:৪৭ এএম

রেজোলিউশন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক, আমানত সুরক্ষায় সার্কুলার

পদ্মা ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজোলিউশন আইন, ২০২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক সার্কুলার জারি করে। এর আগে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজোলিউশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বিগত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যঘাটতি ও সুশাসনের ঘাটতিতে পুঞ্জীভূত আর্থিক দুর্বলতায় ব্যাংকটি গভীর চ্যালেঞ্জের মুখে পড়ে। নিবিড় তত্ত্বাবধান ও তারল্যসহ পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরও আর্থিক সূচকগুলোতে কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার দেখা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের ৫ হাজার ৫৩৯ কোটি টাকা ঋণের মধ্যে ৪ হাজার ৯৩৩ কোটি টাকা, অর্থাৎ ৮৯ দশমিক শূন্য ৬ শতাংশই খেলাপি। গত বছর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল ৬ হাজার ২২৪ কোটি টাকা, বর্তমানে মূলধন ঋণাত্মক অবস্থায় রয়েছে।

এই প্রক্রিয়ায় আপাতত ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না; স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে। আইনের বিধান অনুযায়ী ব্যাংকটির জন্য কার্যকর ও উপযুক্ত রেজোলিউশন কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি মূলধন জোগান দিয়ে ব্যাংকটিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে পরে বেসরকারি খাতে বিক্রির বিষয়টি ভাবা হচ্ছে। তবে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) কাজী মো. তালহা বলেন, রেজোলিউশনের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি তারা পত্রিকায় দেখেছেন।