মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান, ঢাবির দুই শিক্ষক বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১১:২১ পিএম

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান, ঢাবির দুই শিক্ষক বরখাস্ত

অনুমতি না নিয়ে দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছুটি শেষ হলেও কর্মস্থলে ফিরে না আসায় সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে সশরীর হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

উপাচার্য জানান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়া দেশের বাইরে আছেন। বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, দুজনের বিরুদ্ধে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি।

সাবেক উপাচার্য ও অর্নির বিষয়ে তিনি বলেন, তাঁদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় জানে না। এ কারণেই সিন্ডিকেট সাত কর্মদিবসের মধ্যে সশরীর রিপোর্টের নির্দেশ দিয়েছে।

এ ছাড়া ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনের বিরুদ্ধে পরের সিন্ডিকেট সভায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে ভূমিকা ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগে গঠিত তথ্যানুসন্ধান কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত এসেছে।