নভেম্বর ২৪, ২০২৬, ০৮:২০ পিএম
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে স্বাগতিকদের আট উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা। মঙ্গলবার কারারায় ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
হাতে ছিল ৪১ বল।
ওপেনিং জুটিতে অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্ট শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ এলোমেলো করে দেন। মাত্র ১০.১ ওভারে ১৫১ রানের জুটি গড়েন তাঁরা। ডোনাল্ড ৩২ বলে ৮৫ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল নয়টি ছক্কা ও চারটি চার। মাত্র ১৮ বলেই অর্ধশতক স্পর্শ করেন এই ব্যাটার।
সল্টও কম যাননি। ৩০ বলে ৫৮ রান করেন তিনি, হাঁকান চারটি ছক্কা ও পাঁচটি চার।
দলীয় ১৫১ রানে ডোনাল্ড ফিরে যান। রাইলি মেরেডিথের বলে ডিপ অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। স্কোরবোর্ডে আরও সাত রান যোগ হতেই বিদায় নেন সল্টও।
লক্ষ্য তখন খুব দূরের নয়। অধিনায়ক হ্যারি ব্রুক নয় বলে ১০ এবং টম ব্যান্টন আট বলে ২৬ রানের দ্রুতগতির ইনিংসে বাকি কাজ সারেন। ব্যান্টনের আট বলের ইনিংসে তিনটি ছক্কা ও একটি চার ছিল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া। শুরুটা ঝড়ো হলেও মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
মিচেল মার্শ পরপর দুটি ছক্কা মেরে বড় ইনিংসের ইঙ্গিত দেন। কিন্তু পরের বলেই হেনরি ক্রোকম্বের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১৩ বলে ২৭ রান করলেও অস্ট্রেলিয়া ৫৮ রানে চার উইকেট হারিয়ে বসে।
চাপে পড়া দলকে টেনে তোলেন জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরী। ডেভিস ২৫ বলে ৩৯ এবং নিখিল ৩৫ বলে ৪৫ রান করেন। শেষ দিকে বেন ডোয়ারশুইসের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৪ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ডোনাল্ড ও সল্টের উদ্বোধনী জুটিকে বিস্ফোরক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, উইকেট যতটা ভাবা হয়েছিল তার চেয়ে ভালো আচরণ করেছে এবং দুই ব্যাটার দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।
মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে বড় হারের পর শুক্রবার ব্রিসবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন