মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

কাভান সুলিভান এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১১:২০ এএম

কাভান সুলিভান এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত

একের পর এক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। রেগুলার সিজনে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান তিনি।

ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার সামনে ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। প্রথম পূর্ণ মৌসুমেই লিগের অন্যতম আলোচিত তরুণ ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেছেন সুলিভান।

মৌসুমে ২৯টি ম্যাচ খেলে ৯টি গোল এবং ১৪টি অ্যাসিস্টসহ মোট ২৩টি গোলে অবদান রেখেছেন তিনি।

কিশোর ফুটবলারদের মধ্যে লিগের ইতিহাসে সর্বোচ্চ অবদানের কীর্তিও তার দখলে। এক মৌসুমে ২৩ গোলে অবদান এবং ১৪টি অ্যাসিস্ট—দুটি পরিসংখ্যানেই এমএলএসের ইতিহাসে কিশোরদের মধ্যে সবার ওপরে অবস্থান করছেন এই মিডফিল্ডার। টানা ১০ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ডও গড়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সুলিভান। ১৭ বছর ২ দিন বয়সে এই স্বীকৃতি পেয়ে লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মাসসেরা ফুটবলার হওয়ার কীর্তি গড়েন তিনি।

ক্লাবের সাফল্যের সুবাদে যুক্তরাষ্ট্র জাতীয় দলেও জায়গা করে নেন সুলিভান। গত সেপ্টেম্বরেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। পেরুর বিপক্ষে শুরুর একাদশে নেমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন সুলিভান। মেক্সিকোর বিপক্ষে ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন তিনি।