সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,
রাস পূর্ণিমা উৎসব

কুয়াকাটায় গঙ্গাস্নানে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের আশা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৯:৩৬ পিএম

কুয়াকাটায় গঙ্গাস্নানে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের আশা

পাপমোচন ও পুণ্যলাভের ধর্মীয় বিশ্বাসে পূর্ণিমা তিথিতে মঙ্গলবার কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নান করবেন সনাতন ধর্মাবলম্বীরা, যেখানে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের আশা করছেন আয়োজকরা।

রাস পূর্ণিমা ও গঙ্গাস্নানকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকেই সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পুণ্যার্থী, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থী। ধর্মীয় আচার-অনুষ্ঠানে সৈকতজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার চন্দ্র জানান, সোমবার রাতভর মন্দিরে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ ও কীর্তনের আয়োজন রাখা হয়েছে এবং আগত ভক্তরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন। পূর্ণিমা তিথিতে মঙ্গলবার সকালে গঙ্গাস্নানে যোগ দেবেন পুণ্যার্থীরা। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে ভক্তরা কুয়াকাটায় পৌঁছেছেন।

নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, রাস পূর্ণিমা উৎসব ঘিরে সৈকত ও আশপাশের সড়কে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, রাস উৎসব উপলক্ষে সোমবার রাত থেকেই প্রশাসনের টহল চলবে। মঙ্গলবার সকালে গঙ্গাস্নান নির্বিঘ্ন করতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

পাশাপাশি পুলিশ ও ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে মোতায়েন থাকবেন বলে দিনাজপুর টিভি ডট কমের সংগৃহীত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।