রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা পেলেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কনা রানী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৯:১৫ পিএম

উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা পেলেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কনা রানী

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের শিক্ষার্থী কনা রানী উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করার পর উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা পেয়েছেন। আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকা কনার পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন।

কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সীমিত সামর্থ্যের পরিবার থেকে উঠে এসে ভালো ফলাফল করেন কনা রানী। এখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজের সার্বিক প্রচেষ্টায় জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের উদ্যোগে কনাকে নগদ অর্থ দেওয়া হয়েছে। এই সহায়তায় তাঁর ভর্তি প্রস্তুতি ও উচ্চশিক্ষার পথচলায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

কনা রানী বলেন, আর্থিক সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছি। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক দুশ্চিন্তায় ছিলাম। জেলা প্রশাসক মহোদয় আমার পাশে দাঁড়িয়েছেন, এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতা আমার স্বপ্নপূরণের পথে অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চাই এবং মানুষের পাশে দাঁড়াতে চাই।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার জানান, আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মেধার বিকাশ ও স্বপ্নপূরণের পথে বরগুনা জেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে বলেও জানান জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।