নভেম্বর ২২, ২০২৬, ০৯:০১ পিএম
কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনকে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।
রোববার (২২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ এবং কাজে বিশ্বাসী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে, যার মধ্যে ইনভয়েস ও ওভার ভয়েসের মাধ্যমে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এবং এসব দুর্নীতিতে জড়িতদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তে বেশি গুরুত্ব দিয়েছে এবং দুদককে আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভুঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে।
দেশের প্রায় ৯৫ শতাংশ মানিলন্ডারিং ক্লিয়ারিং হাউজের মাধ্যমে হয় এবং তা কর্পোরেট হাউজ ও ব্যাংকের মাধ্যমে ঘটে বলে উল্লেখ করেন ড. মো. সাজ্জাদ হোসেন ভুঁইয়া। কর্মকর্তাদের নিজেরা দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমিশনের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক অংশ নেন।
সভাপতির বক্তব্যে দুদক সচিব জানান, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যা অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়াবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ এর উপপরিচালক মো. আতিকুল আলম।
এর আগে কমিশনের চেয়ারম্যান, দুই কমিশনার ও সচিবকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন