রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৮:৪২ পিএম

সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং আগামী ১২ ডিসেম্বরের এই সফরে জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা সদরে ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে। এতে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী উৎসবে উপস্থিত থেকে খেলাধুলা উপভোগ করবেন এবং পরে সমাজসেবা অধিদপ্তরের সদর উপজেলা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ক্রীড়া সচিবের ফোনের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা পাওয়া গেছে।

তবে এখনো আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। প্রাথমিকভাবে জানা গেছে, সফরে তিনি দেশীয় খেলাধুলাভিত্তিক একটি আয়োজনের উদ্বোধন করবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সফরসূচি চূড়ান্ত হলে বিস্তারিত জানা যাবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি।

তথ্যসূত্র: দিনাজপুর টিভি ডট কম ডেস্ক সংগৃহীত প্রতিবেদন