নভেম্বর ২২, ২০২৬, ০৫:০৪ পিএম
দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের নিয়ে পঞ্চগড়ে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি এই প্রশিক্ষণ আয়োজন করে। ১০০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।
ওই সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাসুম বিল্লাহ ও আইয়ুব আলী এবং যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান মুহাম্মদ ফজলুল হকসহ যমুনা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির হেড অব এসএমই ডিভিশন মার্কেটিং ইউনিটের নসরুল হাদি মোহাম্মদ নুসরত এবং ব্যাংকটির পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রাশেদ মামুন।
সমাপনী শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের নিয়ে ৮০তম রোড শোর অংশ হিসেবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে ফটো সেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজক ও প্রশিক্ষণার্থীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সহজলভ্য ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বাস্তব ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য তাঁরা প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন