রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, বর্ণাঢ্য আয়োজন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৫:৫৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, বর্ণাঢ্য আয়োজন

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও হল থেকে পৃথক র‌্যালি নিয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে এসে সমবেত হন সংশ্লিষ্টরা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেখানে অনুষ্ঠান শুরু হয়।

সে সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে আবার র‌্যালি বের হয়, যেখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে মিলিত হয় এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর প্রশাসন ভবনের সামনে ৪৮ পাউন্ডের একটি কেক কাটা হয় এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাঁরা প্রাণান্তকর চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস করেন। এটিই তাঁদের আগামীর প্রতিজ্ঞা বলেও মন্তব্য করেন তিনি।