নভেম্বর ২১, ২০২৬, ০৮:৪২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এভারকেয়ার হাসপাতালের কাছে ওয়াটার পোলো রেস্টুরেন্টে এ আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, বসুন্ধরা আ/এ, ঢাকা।
বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় থেকে ৫০তম ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থী পরিবারসহ অংশ নেন। ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক ও উন্নয়নকর্মীসহ বিভিন্ন পেশার প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অনেকের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে পরিচিত হওয়া জীবনসঙ্গী।
ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বিকাল ৫টা থেকেই অতিথিরা আসতে শুরু করেন।
ফুল দিয়ে বরণ, ঐতিহ্যবাহী পিঠা আপ্যায়ন, গল্প, ছবি তোলা, স্মৃতিচারণ, গান, নাচ, কেক কাটা, গ্রুপ ফটোগ্রাফি, নৈশভোজ ও র্যাফেল ড্রতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে যায়। সন্ধ্যা ৬টায় নবীন-প্রবীণের স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণ শুরু হলে ক্যাম্পাসের চেনা পথ, কলা ভবনের ক্লাসরুম, শাটল ট্রেনের জানালায় গান গাওয়া, কলা ভবনের সামনে ঝুপড়িতে আলমগীরের দোকানের চা ও মৌয়ের দোকানের সিঙ্গারার প্রসঙ্গ উঠে আসে; পাশাপাশি নতুন স্নাতকদের কর্মজীবনে সহযোগিতা এবং ভবিষ্যতে বন্ধন দৃঢ় করার আলোচনা হয়।
সন্ধ্যা ৭টার দিকে গিটারের সুরে শুরু হয় গান। মঞ্চে আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, মুখরিত জীবনের চলার বাঁকে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, সেই তুমি কেন এত অচেনা হলে ও মন শুধু মন ছুঁয়েছেসহ নানা গান পরিবেশিত হলে উপস্থিত অনেকে গানের সঙ্গে কণ্ঠ মেলান ও নাচে যোগ দেন, কেউবা মুঠোফোনে মুহূর্তগুলো ধারণ করেন।
বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করা সংগঠনটি শীতকালীন ব্যাডমিন্টন, পয়লা বৈশাখ, ফ্যামিলি নাইট, পিকনিক, জাতীয় দিবস উদযাপন, নিয়মিত প্রাতঃভ্রমণ, সকালের নাশতা এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছে।
আয়োজনের কনভেনর ছিলেন ৩০তম ব্যাচের ইমতিয়াজ আউয়াল অপু, কো-কনভেনর একই ব্যাচের জাকির সাঈদ এবং সদস্যসচিব হেমায়েত উদ্দিন হিমু; সার্বিক সহযোগিতায় ছিলেন ২৬তম ব্যাচের এম এ মতিন, ২৮তম ব্যাচের জামিল চৌধুরী, ২৯তম ব্যাচের পারুল দাস, ৩২তম ব্যাচের শাহাদাত হোসাইন, ৩৩তম ব্যাচের সিব্বির আহমেদ ভূঁইয়া, ৩৪তম ব্যাচের রাফিউল কবির রুমেল, ৩৬তম ব্যাচের তন্ময় মজুমদার ও ৩৭তম ব্যাচের শামীম আহমেদ শিশির।
রাত ১২টার দিকে নৈশভোজ ও র্যাফেল ড্র শেষে আবার একসঙ্গে হওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন