শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৮:৫০ পিএম

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সশস্ত্র বাহিনী দিবসে সব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।