শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

সালমান খানের মাতৃভূমি ও শ্রদ্ধা কাপুরের ইথা একই দিনে মুক্তির বিড়ম্বনা

বিনোদন ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৮:৩০ পিএম

সালমান খানের মাতৃভূমি ও শ্রদ্ধা কাপুরের ইথা একই দিনে মুক্তির বিড়ম্বনা

আগামী ৪ ডিসেম্বর সালমান খান অভিনীত সিনেমা মাতৃভূমি এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ইথা একই দিনে মুক্তি পাওয়ায় শ্রদ্ধাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন সালমান খান।

সালমানের সিনেমাটি সাম্প্রতিক সময়ে আকস্মিকভাবে একই মুক্তির তারিখে এসেছে।

সালমান জানিয়েছেন, ৪ ডিসেম্বরের তারিখ ঘোষণা করার সময় তিনি জানতেন না যে শ্রদ্ধার সিনেমাও একই দিনে মুক্তি পাচ্ছে। এ নিয়ে তার খারাপ লাগছে এবং আগে থেকে জানলে শ্রদ্ধার ছবির সঙ্গে একই দিনে আসতেন না বলে তিনি উল্লেখ করেছেন।

শ্রদ্ধাকে চোখের সামনে বড় হতে দেখেছেন সালমান।

ফোনে কথা বলার সময় সালমান শ্রদ্ধাকে বলেছেন যে তিনি সত্যিই খুব দুঃখিত এবং বিষয়টি তার জানা ছিল না। সালমানের ভাষ্য অনুযায়ী, শ্রদ্ধা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন এবং তিনি নিজের সিনেমার পাশাপাশি ইথা দেখার জন্যও দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুরুতে সালমানের এই সিনেমার নাম ছিল ব্যাটল অব গালওয়ান। পরে ভারত ও চীনের কূটনৈতিক জটিলতায় নাম বদলানো হয় এবং ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে এটি মুক্তির পথে এসেছে।

অন্যদিকে লক্ষ্মণ উটেকর নির্মিত ইথা সিনেমাটি প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এর ট্রেলার প্রশংসিত হয়েছে এবং ছবিতে রণদীপ হুদা ও জিশান আইয়ুবসহ আরো অনেকে অভিনয় করেছেন।