নভেম্বর ২১, ২০২৬, ০৫:১০ পিএম
দুই বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বত্রিশতম আসরে জায়গা পেয়েছে বাংলাদেশের সিনেমা, আর আসন্ন উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়বে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড।
আগামী ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
উপমহাদেশের অন্যতম বড় চলচ্চিত্র আয়োজন হিসেবে পরিচিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগেও বহু বছর বাংলাদেশের সিনেমা অংশ নিয়ে নানা সময়ে পুরস্কার জিতেছিল।
তবে গত দুই বছর রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে বাংলাদেশের কোনো সিনেমা উৎসব কর্তৃপক্ষ রাখেনি।
সিনেমাটি মূলত বাংলাদেশের হলেও কলকাতা উৎসব কর্তৃপক্ষ এটিকে ফ্রান্সের বলে উল্লেখ করেছে। বাংলাদেশের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকজন প্রযোজক যৌথভাবে ছবিটি বানানোয় সেই সূত্রে উৎসব কর্তৃপক্ষ এটিকে ফ্রান্সের সিনেমা হিসেবে দেখিয়েছে।
কলকাতা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দ্য ডিফিকাল্ট ব্রাইডসহ ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে, যার মধ্যে বাংলা ভাষার একমাত্র ছবি এটি।
কলকাতা উৎসবে সিনেমা নির্বাচিত হওয়ায় নির্মাতা রুবাইয়াত হোসেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অবশেষে বাংলাভাষী দর্শকেরা সিনেমাটি দেখবেন, এই ভেবে তিনি আনন্দিত এবং কলকাতাও তার অত্যন্ত প্রিয় শহর বলে জানিয়েছেন নির্মাতা।
দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় বাঁধন ছাড়াও জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে অভিনয় করেছেন। এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়ার পাশাপাশি সেখানে একটি স্বীকৃতিও পেয়েছে ছবিটি, আর টরন্টো ও লন্ডনের মতো বিখ্যাত উৎসবেও এটি নির্বাচিত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন