শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

অলকা ইয়াগনিক মঞ্চে ফিরছেন ১১ ডিসেম্বর সুভাষ ঘাইয়ের বিশেষ সংগীতানুষ্ঠানে

বিনোদন ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৭:৩২ পিএম

অলকা ইয়াগনিক মঞ্চে ফিরছেন ১১ ডিসেম্বর সুভাষ ঘাইয়ের বিশেষ সংগীতানুষ্ঠানে

শ্রবণশক্তি হারানোর কারণে দীর্ঘ বিরতির পর আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে মঞ্চে ফিরছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠান কেয়া জামানা থা-তে অংশ নেবেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সম্প্রতি নিজেই অলকার বাড়িতে গিয়েছিলেন সুভাষ ঘাই। নির্মাতার সেই আমন্ত্রণে আনন্দের সঙ্গে সাড়া দিয়েছেন এই গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অলকা ইয়াগনিকের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুভাষ ঘাই। পোস্টে তিনি লিখেছেন, অলকা ইয়াগনিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তার কণ্ঠ, ঔজ্জ্বল্য ও প্রাণশক্তি সবকিছুতেই সেই পরিচিত জাদু এখনো রয়েছে। গত রাতে তার বাড়িতে গিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময় বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছেন বলেও জানান এই নির্মাতা।

আমন্ত্রণ পেয়ে অলকার প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন সুভাষ ঘাই। তিনি জানান, আমন্ত্রণ পাওয়ার পর অলকা উঠে দাঁড়ান এবং মুখে হাসি নিয়ে অনুষ্ঠানে আসার সম্মতি দেন। তার এই সম্মতিতে সবাই আনন্দিত হয়েছেন বলে জানান পরিচালক, পাশাপাশি অলকা যেন সব সময় ভালো থাকেন সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিকের একসঙ্গে কাজের ইতিহাস দীর্ঘদিনের। খলনায়ক, তাল, পরদেশ ও ইয়াদেঁসহ এই পরিচালকের একাধিক জনপ্রিয় সিনেমায় গান গেয়েছেন অলকা। সংগীতপ্রেমীদের ধারণা, নির্মাতার চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তির আয়োজনে তার উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করবে।

২০২৪ সালে আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর কথা নিজেই জানিয়েছিলেন অলকা ইয়াগনিক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি, যার ফলে গান ও নিয়মিত কাজ থেকে দীর্ঘদিন দূরে ছিলেন।

শারীরিক অসুস্থতার কারণে জনসমক্ষে উপস্থিতিও কমিয়ে দিয়েছিলেন এই সংগীতশিল্পী। চলতি বছর হুইলচেয়ারে বসা অবস্থায় তার একটি ছবি প্রকাশ্যে আসার পর ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল।

কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, তাকে এখনো নানা শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং কাজের প্রস্তাব পেলেও সব সময় তা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমন শারীরিক পরিস্থিতির মধ্যেই সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে ১১ ডিসেম্বরের সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।