নভেম্বর ২০, ২০২৬, ০৬:৪৭ পিএম
ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা চালানোর পর অনেক বেশি যন্ত্রণাদায়ক প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে তৃতীয় দফা এই হামলা হয়, যার ঘণ্টাখানেক পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক ছিল।
রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন জোটের সম্মেলনে যোগ দিতে বুধবার চীনের শেনঝেন শহরে যান পুতিন। পরদিন ভোরে কার্চ প্রণালীর ওপর নির্মিত সেতুটি লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় কেউ হতাহত হননি এবং বিকেলের মধ্যেই ট্রেন চলাচল আবার শুরু করা সম্ভব হয়েছে। তবে সেতুর সড়ক অংশে গুরুতর ক্ষতি হওয়ার কথা স্বীকার করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, সেতুটি যথাযথভাবে মেরামত করা হবে এবং প্রয়োজনে পুনঃনির্মাণও করা হবে।
ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পর সাংবাদিকদের সামনে কথা বলেন পুতিন। তিনি জানান, সমঝোতার পথ তৈরি করতে সম্প্রতি রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলকে ইউক্রেনের সঙ্গে সমুদ্রপথ বা জ্বালানি খাতে যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু ক্রিমিয়া সেতুতে হামলার পর আমরা আর কোনো আলোচনা করব না। আমরা এই হামলার জবাব দেব—আমি চাই সবাই এটি জানুক। এবং আমি বিশ্বাস করি, কিয়েভ প্রশাসন এই সেতুকে লক্ষ্য করে যা করেছে, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে আমাদের জবাব।
রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করা ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু ২০১৮ সালে নিজেই উদ্বোধন করেছিলেন পুতিন। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া উপদ্বীপটির সঙ্গে রাশিয়ার সংযোগের প্রতীক হিসেবে দেখা হয় এই স্থাপনাকে। ইউক্রেনে থাকা রুশ বাহিনীর সরবরাহের প্রধান রুট হিসেবে একসময় এটি ব্যবহৃত হতো। ২০২২ সালে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর থেকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর স্থলপথের ওপর রুশ সামরিক বাহিনীর নির্ভরতা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুতিনের দাবি, সেতুটি সম্পূর্ণরূপে বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হয় এবং এখানে কোনো সামরিক সরঞ্জাম, গোলাবারুদ কিংবা জ্বালানি পণ্য নেওয়া হয় না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলাকে ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার চালানো হামলার প্রতিশোধ হিসেবে তুলে ধরেছেন।
তথ্যসূত্র: মস্কো টাইমস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন