শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৩:১১ পিএম

ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তার সতর্কতা

নির্দেশ পেলেই নতুন ভৌগোলিক এলাকাসহ যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এই বক্তব্য দেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ বাহিনীর প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।

ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান ও স্থাপনার ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই বলে দাবি করেন তিনি। প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আলী বেলালি বলেন, নির্দেশ পেলেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তার ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় শত্রুদের বিপুল অর্থ ব্যয় করে এবং দীর্ঘ সময় ধরে থাডের মতো অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করতে হচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো শত্রুপক্ষ হামলা চালালে তারা যেখানেই থাকুক, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়বে।

শত্রুদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগও তুলেছেন আলী বেলালি। তার দাবি, আলোচনা, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ স্থানান্তর এবং সামরিক হুমকির মতো বিষয় সামনে এনে ইরানকে নিয়ে বিভ্রান্তি ও সন্দেহ তৈরির চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার পরিণতি সম্পর্কে এ অঞ্চলের দেশগুলো এখন বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: আল-জাজিরা