নভেম্বর ২০, ২০২৬, ০৩:২৫ পিএম
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সৃজনশীলতার সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান নির্মাতাদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীলতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রাণ আরএফএল উপস্থাপিত প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ আয়োজন করে স্পাইকস্টোরি লিমিটেড।
অনুষ্ঠানে দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, পেশাজীবী এবং নতুন প্রজন্মের নির্মাতারা অংশ নেন। মানব সৃজনশীলতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রতিপাদ্যে এ আয়োজনের লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহার উৎসাহিত করা এবং সৃজনশীল গোষ্ঠীকে শক্তিশালী করা।
গত ১২ আগস্ট ২০২৬ তারিখে শুরু হওয়া প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। নির্ধারিত চারটি বিভাগ ছিল এআই অ্যাডভারটাইজমেন্ট, এআই শর্ট ফিল্ম, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৭টির বেশি জেলা থেকে ৫ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী এবং ডিজিটাল মাধ্যমে দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর কথা জানানো হয়।
জমা পড়া কাজ থেকে সেরা ৬০ জন চূড়ান্ত প্রতিযোগীকে বাছাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারে দুই দিনব্যাপী বুটক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে ব্র্যান্ডিং, গল্প বলা, সৃজনশীল পরিচালনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার হাতে-কলমে শেখানো হয়।
এরপর চূড়ান্ত প্রতিযোগীদের বাস্তবধর্মী ক্রিয়েটিভ ব্রিফ দেওয়া হয় এবং সে অনুযায়ী তৈরি কাজ অভিজ্ঞ পেশাজীবী ও বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়।
সম্মেলন পর্বে তিনটি মূল বক্তব্য সেশন ও দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞাপন, গণমাধ্যম ও সৃজনশীল খাতের পরিবর্তন নিয়ে কথা বলেন বক্তারা।
সিবস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সীমাবদ্ধতা কমিয়ে স্বাধীন নির্মাতা ও গল্পকারদের সুযোগ তৈরি করছে, সে বিষয়ে মূল বক্তব্য দেন। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজগতে পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন প্রজন্মের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া অ্যাডভোকেট মুনির হাসান প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, উৎপাদনশীলতা, উদ্ভাবন ও সাংগঠনিক রূপান্তর নিয়ে বক্তব্য তুলে ধরেন।
পরবর্তী শিল্পবিপ্লবের প্রস্তুতি, ব্যবসা ও শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কর্মক্ষেত্রের বদল এবং সুযোগ-চ্যালেঞ্জ নিয়ে প্রথম প্যানেল আলোচনা হয়। স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সাইমুম হোসাইনের সঞ্চালনায় এতে অংশ নেন কোডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত রিচার্ড, কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফায়েড চিফ এআই অফিসার ও অ্যাক্সেনটেক পিএলসির ব্র্যান্ড ও যোগাযোগ প্রধান মুনাফ মজিব চৌধুরী, আলেফ গ্রুপ ইনকের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক এবং বাংলালিংকের রাইজ বিজনেস ইউনিটের প্রধান কে. এম. রায়হান।
মানব সৃজনশীলতা ও দ্রুত কাজ করার সক্ষমতার সম্পর্ক, ভবিষ্যতের পেশাজীবীদের ভূমিকা, বিজ্ঞাপন ও চলচ্চিত্রশিল্পের বদল এবং গল্প বলার ক্ষেত্রে নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব নিয়ে দ্বিতীয় প্যানেল আলোচনা হয়। স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা হোসাইন আল ফারাবির সঞ্চালনায় প্যানেলিস্ট ছিলেন নির্মাতা ও প্রযোজক অমিতাভ রেজা চৌধুরী, অ্যাডকম লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও নির্বাহী সৃজনশীল পরিচালক পুলক অনীল, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং হ্যাভাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কিংকর আহসান।
সম্মেলনের পর পুরস্কার প্রদান পর্বে চারটি বিভাগের নির্বাচিত নির্মাতা ও কাজকে সম্মানিত করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ী, রানার-আপ ও বিশেষ সম্মাননার পাশাপাশি সামগ্রিকভাবে সেরা কাজের জন্য বিশেষ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার দেওয়া হয়।
আয়োজকদের মতে, প্রিজম শুধু এক দিনের আয়োজন নয় বরং দীর্ঘমেয়াদি উদ্যোগ, যার দর্শন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা বাড়ালেও অর্থবহ সৃষ্টির মূল ভিত্তি হিসেবে মানুষের কল্পনা, অনুভূতি, সাংস্কৃতিক বোধ ও গল্প বলার ক্ষমতা গুরুত্বপূর্ণ।
প্রাণ আরএফএলের উপস্থাপনায় ও স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল দ্য ডেইলি স্টার ও সিবস সলিউশন। পাশাপাশি সহায়ক অংশীদার হিসেবে যুক্ত ছিল আস্থা আইটি, ভোসু এআই, এলএফ ইনকর্পোরেশন, টেন মিনিট স্কুল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টার এবং মেরুন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন