নভেম্বর ২১, ২০২৬, ০৩:১১ পিএম
দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা লাল ঘরের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শহরের রামনগর মহল্লায় মদিনা মসজিদ মোড় সংলগ্ন অরাজনৈতিক মুরুব্বি ছাউনি লাল ঘরে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সমাজবাসীর একতায় সমাজের সুস্থতা এবং মাদক তাড়াই সমাজ বাঁচাই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ছাদেক মিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, অপরাধ ও মাদক প্রতিরোধ করতে প্রতিটি মহল্লায় মহল্লায় একটি করে লালঘর স্থাপন করতে হবে। যারা সন্তানদের মুখে মাদক তুলে দেয় তারা কখনো বন্ধু হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, তারা দেশ ও সমাজের শত্রু এবং এদের প্রতিহত করতে এলাকায় মুরুব্বি, তরুণ সমাজ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর নবী, শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ মাইনুল ইসলাম এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সুমন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিরিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান, সংগঠনের উপদেষ্টা মাওলানা সোহরাব হোসেন, আলোর সন্ধ্যানের সভাপতি মোহাম্মদ হাসিব ইমন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ অলিয়র রহমান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান কাশেমী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন