শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

ছাত্রী উপবৃত্তি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে শতভাগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০২:৪৯ পিএম

ছাত্রী উপবৃত্তি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে শতভাগ

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই সুবিধা দেওয়া হবে এবং নতুন যুক্ত হতে যাওয়া ছাত্রীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। গত বুধবার (১৮ নভেম্বর) ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের ক্ষেত্রে শতভাগ উপবৃত্তি চালু করা হচ্ছে। তবে ছাত্রদের উপবৃত্তি কার্যক্রম আগের নিয়মেই চলবে।

সরাসরি শিক্ষার্থীর কাছে সরকারি অর্থ পৌঁছে দিতে জিটুপি পদ্ধতি ব্যবহার করা হবে। এ পদ্ধতিতে অর্থ পেতে হলে অনলাইন তফশিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

যাদের নাম আগে থেকেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত আছে কিংবা যারা বর্তমানে উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন হিসাব খোলার প্রয়োজন নেই। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত থাকলেও যারা এখনো উপবৃত্তির বাইরে আছে, শুধু তাদের বা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

সাধারণভাবে শিক্ষার্থীর বাবা বা মা অভিভাবক হিসেবে গণ্য হবেন। বাবা অথবা মায়ের মধ্যে যেকোনো একজনের নামে তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে তা দিয়ে আবেদন করা যাবে, নতুন হিসাব খুললেও একই নিয়ম প্রযোজ্য হবে।

বাবা ও মা দুজনই জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে এবং যাকে অভিভাবক দেখানো হবে, হিসাব খোলার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ নিতে হলে বাবা অথবা মায়ের জীবিত থাকা বাধ্যতামূলক। যে অভিভাবকের নামে হিসাব হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই একই পরিচয়পত্র দিয়ে তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, সিম নিবন্ধন ও ব্যাংকিং হিসাবের তথ্যে কোনো ধরনের অমিল থাকলে সরকারি অর্থ পাঠানো সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বাবা-মা এবং নির্ধারিত আত্মীয়দের মধ্যে কেউ অভিভাবক হিসেবে না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনীত করতে পারবেন। এ জন্য একটি প্রত্যয়নপত্র দিতে হবে এবং আবেদনসংক্রান্ত তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করার সময় সেটি আপলোড করতে হবে। এ ধরনের ক্ষেত্রে শুধু শিক্ষার্থীর নিজের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তি নেওয়া যাবে।

শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খোলা হলেও ১৮ বছর পূর্ণ হলে হিসাবটি স্থগিত হয়ে যাবে। তখন শিক্ষার্থীকে নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ওই হিসাব হালনাগাদ করতে হবে।

ব্যানবেইসের ইআইআইএন নম্বর রয়েছে এমন সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে, যার ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ফরগট পাসওয়ার্ড অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার আইডি সক্রিয় করতে হবে।

উপবৃত্তি সংক্রান্ত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।