শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

ঢাকা কলেজ প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্নয়নে উদ্যোগের আশা আব্দুস সালামের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৪:২৭ পিএম

ঢাকা কলেজ প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্নয়নে উদ্যোগের আশা আব্দুস সালামের

বাংলাদেশ চালায় ঢাকা কলেজের সাবেক ছাত্ররা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, বাংলাদেশ চালায় ঢাকা কলেজের সাবেক ছাত্ররা এবং এই দেশ বিনির্মাণ করছে ঢাকা কলেজের সাবেক ছাত্ররা, তাহলে ঢাকা কলেজের অবস্থা এমন থাকবে কেন এবং এমন থাকা উচিত নয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, সরকারের উপদেষ্টা, শিক্ষামন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা সচিব উপস্থিত রয়েছেন উল্লেখ করে প্রশাসক বলেন, তাদের কাছে প্রত্যাশা ঢাকা কলেজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং বর্তমান সরকারের আমলেই কলেজটির সার্বিক অবস্থার পরিবর্তন ঘটবে।

ঢাকা কলেজের মান ও অবস্থানের সঙ্গে সংগতি রেখে অবকাঠামোগত ও আনুষঙ্গিক উন্নয়ন হওয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু সেই অনুপাতে উন্নয়ন হয়নি। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনকালে কলেজটির সবকিছুর পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে আব্দুস সালাম বলেন, নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ডিগ্রিতে পড়ার জন্য ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়টি তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায় ছিল এবং ওই সময়ের ঢাকা কলেজের হল, ক্যানটিন ও ছাত্রাবাসের অনেক স্মৃতি থাকলেও বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে এবং ঢাকা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের গণতন্ত্র ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভূমিকা রাখতে হবে।

গণতন্ত্র যেন আবারও বাধাগ্রস্ত না হয় এবং বাংলাদেশকে যেন আবার চোরাগলির পথে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান আব্দুস সালাম। ঢাকা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।