নভেম্বর ২০, ২০২৬, ০৪:৪৩ পিএম
গাইবান্ধা জেলা ইজতেমা শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটা মোড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফজরের নামাজের পর মুফতি শফিউল্লাহ সাফির আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনের এই ধর্মীয় আয়োজন যাত্রা শুরু করে।
রোববার আখেরি মোনাজাত।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতি বিকেলের মধ্যেই ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতি গুছিয়ে আনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইতোমধ্যে মাঠে আসতে শুরু করেছেন।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য শাহাজান কবির জানান, আগত মুসল্লিদের সুবিধার্থে অজু ও গোসলখানার পাশাপাশি পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্যসেবার অংশ হিসেবে রাখা হয়েছে ফ্রি মেডিক্যাল চেকআপের সুবিধা।
তিন দিনের এই জেলা ইজতেমা আগামী রোববার শেষ হবে বলে জানান শাহাজান কবির। তাঁর ভাষ্য অনুযায়ী, আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামায়াতের শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ।
নিরাপত্তার বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে রাখা হয়েছে পুরো মাঠ, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পুলিশের পাশাপাশি তিন শতাধিক স্বেচ্ছাসেবকও আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করছেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: জাগো নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন