নভেম্বর ২০, ২০২৬, ০৪:১১ পিএম
দীর্ঘ ১০ বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো কলেরা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে এবং নিরাপদ পানি পান ও খাবার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চাংওনের একটি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান এক ব্যক্তি। বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় কলেরার জীবাণু শনাক্ত করেন স্বাস্থ্যকর্মীরা।
আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি, তবে চিকিৎসায় সুস্থ হওয়ার পর মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি গত দুই মাসে বিদেশ ভ্রমণ করেননি। ফলে কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও খুঁজে বের করার কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা।
দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ ২০১৬ সালে কলেরার সংক্রমণ শনাক্ত হয়েছিল, যখন তিনজন আক্রান্ত হন এবং ধারণা করা হয়েছিল দূষিত সামুদ্রিক খাবার থেকে সংক্রমণ ছড়িয়েছিল। এর আগে ২০০১ সালে দেশটিতে বড় ধরনের প্রাদুর্ভাবে অন্তত ১৬২ জন অসুস্থ হয়েছিলেন।
রোগ নিয়ন্ত্রণ সংস্থার মতে, কলেরা প্রধানত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তির মল বা বমির সংস্পর্শ থেকেও সংক্রমণ ঘটতে পারে।
কলেরার সবচেয়ে সাধারণ উপসর্গ ডায়রিয়া, আর গুরুতর ক্ষেত্রে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে পানিশূন্যতা ও শক দেখা দিতে পারে এবং সময়মতো চিকিৎসা না হলে রোগীর মৃত্যুও হতে পারে।
এ পরিস্থিতিতে নিরাপদ পানি পান, ভালোভাবে রান্না করা খাবার খাওয়া এবং ফলমূল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কলেরা সন্দেহ হলে দ্রুত পরীক্ষা ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর জন্য চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন