নভেম্বর ১৭, ২০২৬, ০৩:১৭ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রত্না খাতুন (৩৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর বাড়ি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রত্না খাতুন গত ১০ নভেম্বর বিকেল সোয়া ৩টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু এনসেফালাইটিসে ভুগছিলেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রামেক হাসপাতালের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী, আর মারা গেছেন একজন।
রামেক হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শামীম আহমেদ জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে এবং বর্তমানে হাসপাতালটিতে মোট ১৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন