মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

জলবায়ু অঙ্গীকার ভঙ্গের অভিযোগে জাতিসংঘে FIFA-র বিরুদ্ধে পাঁচ সংস্থার নালিশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০১:২৫ পিএম

জলবায়ু অঙ্গীকার ভঙ্গের অভিযোগে জাতিসংঘে FIFA-র বিরুদ্ধে পাঁচ সংস্থার নালিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA-র সদস্যপদ পর্যালোচনার জন্য জাতিসংঘের কাছে যৌথ অভিযোগ জমা দিয়েছে পাঁচটি পরিবেশবাদী ও গবেষণা সংস্থা। সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং বিশ্বকাপ ফুটবলের পরিসর বাড়ানোর সিদ্ধান্তের কারণে সংস্থাটির জলবায়ু কার্যক্রমের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

জাতিসংঘের ‍‍`স্পোর্টস ফর ক্লাইমেট অ্যাকশন ফ্রেমওয়ার্ক‍‍`-এর আওতায় সদস্য সংস্থাগুলোর জন্য ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৫০ শতাংশ কমানো এবং জলবায়ু সুরক্ষায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে। কোনো সদস্যের অঙ্গীকার বাস্তবায়নের আন্তরিকতা বা সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিলে সদস্যপদ বাতিলের বিধানও আছে এই কাঠামোয়।

যৌথ অভিযোগে অংশ নেওয়া সংস্থাগুলো হলো নিউ ওয়েদার ইনস্টিটিউট, নিউ ওয়েদার ইনস্টিটিউট সুইডেন, ফসিল ফ্রি ফুটবল, সায়েন্টিস্টস ফর গ্লোবাল রেসপনসিবিলিটি এবং ফেয়ারস্কয়ার।

অভিযোগকারী সংস্থাগুলোর মতে, বিশ্বকাপের পরিধি বাড়িয়ে FIFA নিজেই নিজেদের নিঃসরণ কমানোর লক্ষ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে যেখানে ম্যাচ ছিল ৬৪টি, সেখানে ২০২৬ সালের আসরে তা বাড়িয়ে ১০৪টি করা হয়েছে এবং তিনটি দেশ ও ১৬টি শহরে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। সংস্থাগুলোর দাবি, এর ফলে ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি দূষণ সৃষ্টিকারী আসরে পরিণত হয়েছে।

একই সঙ্গে ২০৩০ সালের বিশ্বকাপ ছয়টি দেশ ও তিনটি মহাদেশ জুড়ে আয়োজনের পরিকল্পনা এবং ওই আসরে ৬৪টি দলের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের যুক্তি, ম্যাচ ও আয়োজক দেশের সংখ্যা বাড়লে কার্বন নিঃসরণও পাল্লা দিয়ে বাড়বে।

২০২১ সালে ঘোষিত জলবায়ু কৌশলে FIFA ২০৩০ সালের মধ্যে নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনা এবং ২০৪০ সালের মধ্যে নিট শূন্য নিঃসরণ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে অভিযোগকারীদের দাবি, এসব লক্ষ্য কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে সংস্থাটির কৌশলে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।

অভিযোগে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে FIFA-র বহু বছরের বাণিজ্যিক চুক্তির বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানিকে প্রধান বৈশ্বিক অংশীদার করার সিদ্ধান্ত জলবায়ু সুরক্ষায় নেতৃত্বের দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করছে পরিবেশবাদী সংস্থাগুলো।

এ বিষয়ে বক্তব্য জানতে FIFA ও জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। আরামকো কর্তৃপক্ষও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান