মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, সরকারের দিকে আঙুল তুললেন চিফ হুইপ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ১০:৩৫ এএম

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, সরকারের দিকে আঙুল তুললেন চিফ হুইপ

যুক্তরাজ্যের লন্ডনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নাহিদ ইসলাম।

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় কাচের বোতল ও স্টিলের স্টিক নিয়ে হামলা চালায় একদল লোক, যাতে অন্তত ১০ জন আহত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তার কিছু চিহ্ন যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করলেও বর্তমানে সেই শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং এর দায় বর্তমান সরকারের। তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে ভারতে পাঠিয়ে দিয়েছিল। তবে এর পরও মুজিববাদী শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দল ও বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এতে এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। পরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারকে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।