নভেম্বর ১৭, ২০২৬, ১০:৪৩ এএম
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। বিভিন্ন রণাঙ্গনে বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ড্রোন ও রকেট হামলাসহ মোট ৬৬১টি অভিযান চালানোর দাবি করেছে সেনাবাহিনী। এসব হামলায় হুথিদের ১৭৩ সদস্য নিহত বা আহত হয়েছেন এবং ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
মুখপাত্র জানান, পরিচালিত অভিযানের মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামানের গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে। তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এবং তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র ধ্বংস করতে এই অভিযান চালানো হয়। তবে লোহিত সাগর উপকূলীয় সরবরাহপথ বন্ধ হয়ে যাওয়ায় কৌশলগত অবস্থান থেকে সরকারি বাহিনী সরে আসছে বলে জানা গেছে।
এডেনের দিকে হুথিদের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা বাড়ায় অস্থায়ী রাজধানীর প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে।
চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত ৫ অক্টোবর শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করা এবং রাজধানী সানা পুনর্দখল করা। রাজনৈতিক অঙ্গনেও কঠোর পদক্ষেপ নিয়ে দেশটির পার্লামেন্ট হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে একটি বিল অনুমোদন করেছে। এই বিলের মাধ্যমে তাদের অর্থায়ন, অস্ত্র সরবরাহ ও সংশ্লিষ্ট সম্পদ জব্দ করার আইনি বিধান তৈরি করা হয়েছে।
২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া আপেক্ষিক শান্তির অবসান ঘটিয়ে দেশটিতে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর ফলে ইয়েমেনের চলমান মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সরকারি বাহিনী।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন