মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪৩০ গ্রাম গাঁজাসহ পাঁচ যুবক গ্রেপ্তার

এনামুল মবিন(সবুজ)

নভেম্বর ১৭, ২০২৬, ১০:২১ এএম

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৪৩০ গ্রাম গাঁজাসহ পাঁচ যুবক গ্রেপ্তার

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গভীর রাতে একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে চারটার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার পাঁচজনই তরুণ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি দল নশরতপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। সেখানকার বাসিন্দা হবিবর রহমানের বাড়ির বাইরের অটো গ্যারেজ থেকে ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), বিপ্লব রানা ওরফে রানা (২০), মোস্তাকিম (২৪), মইনুল ইসলাম বাসু (২১) এবং শান্ত ইসলাম সিয়াম (২১)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য চার হাজার ২০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় গ্যারেজমালিক হবিবর রহমান (৫০) ও তাঁর স্ত্রী মেহের নেগার ওরফে মেহেরুনেচ্ছাকে (৪৫) পলাতক আসামি করা হয়েছে।

অভিযানের পর সোমবার চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৩। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক মো. সাইফুল আলমকে।

মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে উপজেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চিরিরবন্দর থানা পুলিশ।