সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলায় বিজয়ীদের দুটি গরু পুরস্কার প্রদান

মোজাম্মেল হক

নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৭ পিএম

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলায় বিজয়ীদের দুটি গরু পুরস্কার প্রদান

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দুটি গরু দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

পাল্টাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই লোকজ খেলা দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ ও নানা বয়সী দর্শক ছুটে আসেন। দর্শকদের উপচে পড়া ভিড়ে পুরো বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মো. আবুবক্কর সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিজয়ীদের জন্য দুটি গরু পুরস্কারের ব্যবস্থা। ব্যতিক্রমী এই পুরস্কারের ঘোষণায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানিয়েছেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।