নভেম্বর ১৬, ২০২৬, ১০:১১ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর তার হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ।
এ সময় তার দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন তিনি। চেক বিতরণের সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল উপস্থিত ছিলেন। ছেলে সাজিদ হাসান রিয়ানের আবেদনের প্রেক্ষিতে এবং সংবাদমাধ্যমে খবর প্রচারের পর প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাতটি মামলার আসামি হয়ে ২০১৭ সালে যশোরে চলে যান মুকুল। এরপর থেকে সেখানে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে গ্রামের বাড়ির দুই বিঘা জমি বন্ধক রেখে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সহায়তা পাওয়ার পর রেজওয়ান ইসলাম মুকুল জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তার পরিবারের জন্য অনেক উপকারে আসবে বলে জানান।
জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সংকটময় এই পরিস্থিতিতে প্রশাসনের এই সহায়তা সাবেক এই ছাত্রদল নেতার পরিবারের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন