নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৫৬ পিএম
ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর যৌথ পরিকল্পনা ঘোষণা করেছে জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, গ্রিস ও ডেনমার্ক। সোমবার এই পাঁচ দেশের পক্ষ থেকে জানানো হয়, যেসব অভিবাসীর ইউরোপে থাকার আইনি অধিকার নেই এবং নিজ দেশে ফিরতেও পারছেন না, তাদের এই আফ্রিকান রাষ্ট্রে পাঠানো হবে।
প্রাথমিক পর্যায়ে ছোট পরিসরে এবং পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এতে প্রায় ১০০ থেকে ২০০ জন প্রত্যাবাসনপ্রত্যাশীকে রুয়ান্ডার কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা ২০২৭ সালের শুরুর দিকে চূড়ান্ত রূপ পেতে পারে।
২০১৫-১৬ সালের অভিবাসী সংকটের পর থেকে ইউরোপীয় দেশগুলোর নীতিতে কড়াকড়ি শুরু হয়েছে। ইউরোপজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে এবং সহজে ফেরত পাঠাতে মধ্যপন্থী ও ডানপন্থী নেতারা নানা পদক্ষেপ নিচ্ছেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি নতুন অভিবাসন ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে একটি আরও সুশৃঙ্খল ও টেকসই আশ্রয় ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।
যুক্তরাজ্যের এর আগের একটি চুক্তির সঙ্গে এই পরিকল্পনার পার্থক্য রয়েছে। যুক্তরাজ্যের পরিকল্পনা ছিল আবেদন যাচাইয়ের জন্য লোক পাঠানো, যা পরবর্তীতে আইনি জটিলতায় বাতিল হয়ে যায়। তবে বর্তমান পরিকল্পনাটি কেবল সেই সব আশ্রয়প্রার্থীদের জন্য প্রযোজ্য, যারা ইইউতে থাকার সমস্ত আইনি সুযোগ হারিয়েছেন।
পাঁচ ইউরোপীয় দেশের দাবি, আন্তর্জাতিক ও ইইউ আইন মেনেই এই অভিবাসী পুনর্বাসন কেন্দ্র বা রিটার্ন হাব পরিচালনা করা হবে। অন্যদিকে, মানবাধিকার সংস্থাগুলো মনে করছে এই ধরনের পদক্ষেপে অভিবাসীদের অধিকার লঙ্ঘিত হতে পারে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম এই প্রক্রিয়ায় সহযোগী ভূমিকা পালনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভিয়েনায় আনুষ্ঠানিক ঘোষণার পর এই প্রকল্পের বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন